২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টান্ত তৈরি করতে চান হাসিনা-মোদী

বাংলাদেশ ও ভারতকে এই অঞ্চলের ‘ভালো প্রতিবেশী’র দৃষ্টান্ত তৈরি করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 01:53 AM

Updated : 19 Aug 2022, 04:17 PM

শনিবার নয়া দিল্লিতে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর এক যৌথ বিবৃতিতে এ প্রত্যয় জানান তারা।   

“আমাদের অবশ্যই একসঙ্গে অগ্রগতির পথে এগিয়ে চলা অব্যাহত রাখতে হবে,” বলা হয়েছে যৌথ বিবৃতিতে।

এতে বলা হয়, দুই নেতাই উভয় দেশের জনগণের অভিন্ন স্বার্থের পক্ষে কাজ করতে সম্মত হয়েছেন, যাতে সবাই সম্প্রীতি বজায় রেখে এবং পারস্পরিক সুবিধাজনক পরিবেশে একসঙ্গে চলতে পারেন।

ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের লক্ষ্যে ‘নতুন সম্ভাবনা’র দিকগুলো খতিয়ে দেখার অঙ্গীকার করেছেন তারা।

৬২টি পয়েন্ট সম্বলিত ওই বিবৃতিতে দুই নেতার বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

Image
হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনাকে অভ্যর্থনায় নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনাকে অভ্যর্থনায় নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতি অনুযায়ী, এই সফরে ব্যবসা সংক্রান্ত চুক্তিসহ মোট ৩৪টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক ‘সই, বিনিময়, গৃহীত ও হস্তান্তর হচ্ছে’।

এতে দুই দেশের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার ওপর আলোকপাত করা হয়েছে।

“ঘরে বন্ধুত্ব এবং আঞ্চলিক ও বিশ্ব ফোরামে অংশীদার’ হিসেবে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

চার দিনের সফরে শুক্রবার নয়া দিল্লি যান শেখ হাসিনা। তার এই সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তার মধ্যে নতুন সহযোগতিার ক্ষেত্র হিসেবে প্রতিরক্ষা, আনবিক শক্তি সহযোগিতা, মহাকাশ প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো এসেছে।

দুই দেশের বিদ্যমান সম্পর্ককে ‘সোনালী অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী। অপরদিকে ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার বলেছেন শেখ হাসিনা।

এই অংশীদারিত্ব বজায় রাখতে উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে একমত হয়েছেন তারা।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেন মোদী। এর মধ্যে ৫০ কোটি ডলার সামরিক কেনাকাটার জন্য।

Image
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের জানুয়ারিতে দুই দেশের সরকার তিস্তার পানি বণ্টন চুক্তিতে সম্মতি দিলেও তার সুরাহা না হওয়ায় শেখ হাসিনা বিষয়টির নিষ্পত্তির জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন।

এই সমস্যার সমাধানে তার সরকার ভারতের সব অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মোদী।

অভিন্ন নদী ফেনী, মানু, মুহুরি, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমারের পানি বণ্টন নিয়ে সমাধানে পৌঁছাতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তারা।

পদ্মা নদীতে যৌথ উদ্যোগে গঙ্গা ব্যারাজ নির্মাণে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেছেন দুই প্রধানমন্ত্রী।

১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার নিন্দা জানিয়ে এর স্বীকৃতি এবং সে সময় যারা প্রাণ দিয়েছিলেন ও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের স্মৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Image
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষ মেডিকেল স্কিম ঘোষণা করেছেন, যার আওতায় বছরে একশজন মুক্তিযোদ্ধা সেদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন।

ভারত সরকার বাংলাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যে বার্ষিক বৃত্তি দিচ্ছে তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দিয়েছেন মোদী। মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ বছর মেয়াদি মাল্টিপল ভিসা ঘোষণা করেছেন তিনি।

কোনো দেশের সীমান্ত ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাতে না দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানের মধ্য দিয়ে যে সহযোগিতার সূচনা হয়েছিল, তা বিবেচনায় নিয়ে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন দুই নেতা। এ সহযোগিতা হবে ‘উভয়পক্ষের জন্য লাভজনক’। 

Image
শীর্ষ বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজ থেকে শেখ হাসিনাকে নিয়ে এক গাড়িতেই বের হন নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শীর্ষ বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজ থেকে শেখ হাসিনাকে নিয়ে এক গাড়িতেই বের হন নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং তথ্য ও অভিজ্ঞতা বিনিময় বাড়িয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ, পানি সম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন তারা।

আঞ্চলিক ফোরামের পাশাপাশি জাতিসংঘ ও অন্যান্য বহুপক্ষীয় সংস্থায় ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠন ও সম্প্রসারণ হলে সেখানে স্থায়ী সদস্য পদে ভারতের প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

যৌথ বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। উভয়পক্ষের সুবিধাজনক সময়ে ওই সফরের বিষয়ে মতৈক্য হয়েছে।