শেখ হাসিনার সফর বন্ধুত্বের সোনালি অধ্যায়: মোদী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে দুই দেশের বন্ধুত্বের ‘সোনালি অধ্যায়’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের জমানায় শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফরে শনিবার শীর্ষ বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর ভাষণে এই অভিধা দেন মোদী।
একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক শেষে ভাষণে শেখ হাসিনাও বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে নয়া দিল্লির কূটনীতিকরা বলে আসছিলেন। সরকার প্রধান হিসেবে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে আতিথ্য দেওয়ার ঘটনাটিও বিরল।
এরপর শুক্রবার শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রটোকল ভেঙে বিমানবন্দরে মোদীর উপস্থিত হওয়া তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুত্ব আরও স্পষ্ট করে বলে কূটনীতিকদের মন্তব্য।
সফরের দ্বিতীয় দিন আনুষ্ঠানিক অভ্যর্থনার পর ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর হায়দ্রাবাদ হাউজে মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন শেখ হাসিনা।
বৈঠকের পর শেখ হাসিনা বলেন, “দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আমরা একত্রে বসেছিলাম।
“আমদের ক্রমবিকাশমান সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকার ও বোঝাপড়ার সবদিক নিয়ে আমরা আলোচনা করেছি।”
মোদী শেখ হাসিনার সফরকে দুদেশের সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ অভিহিত করে বলেন, “ভারত সবসময়ই বাংলাদেশ ও এর জনগণের উন্নয়ন ও সম্মৃদ্ধি চেয়েছে। আমরা বাংলাদেশের দীর্ঘ ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।”
বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৫০০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেন মোদী। এর মধ্যে ৫০ কোটি ডলার সামরিক কেনাকাটার জন্য। শীর্ষ বৈঠকে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়।
বৈঠক শেষে এসে দুই প্রধানমন্ত্রীই বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলায় ‘শুভ নববর্ষ’ বলে মোদী বলেন, “খুবই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন। সামনেই বাংলা নববর্ষ।”
শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করে বলেন, ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।
সীমান্ত শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে বৈঠকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখতেও আমরা অঙ্গীকারাবদ্ধ।”
শীর্ষ বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজ থেকে শেখ হাসিনাকে নিয়ে এক গাড়িতেই বের হন নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
অন্যদিকে শেখ হাসিনার প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আপনার শক্তিশালী ও দৃঢ় নেতৃত্বের কারণে আমাদের পারস্পরিক অর্জন ও সম্পর্কের অসাধারণ বিবর্তন হয়েছে।”
নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনাও বলেন, “তা কেবল ভারতকেই দ্রুত এগিয়ে নিচ্ছে না; বরং আমাদের দুই দেশের পারস্পরিক সম্পর্কেও গতি আনছে।”
মোদী বলেন, “আমরা দুজনই একমত হয়েছি যে, আগামীতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন নতুন খাতে দুদেশের সহযোগিতা আরও বাড়বে।”
বাংলাদেশের উন্নয়ন ভারতেরও কাম্য বলে মন্তব্য করে মোদী বলেন, পারস্পরিক সহযোগিতা জনগণের জন্য যেমন সম্মৃদ্ধি আনছে তেমনি উগ্রবাদ থেকেও রক্ষা করতে সহায়তা করছে।
সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
দুই নেতার বৈঠকে যোগাযোগ, বিদ্যুত সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনা বলেন, “এই অঞ্চল ও দুই দেশের উন্নয়নের জন্য গ্রেটার কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ বলে আমরা দুজন একমত হয়েছি।”
“দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা, উপ-আঞ্চলিক অর্থনৈতিক অর্থনৈতিক প্রকল্প, বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নে সফলতার জন্য কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ,” বলেন মোদী।
ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করছিল বাংলাদেশ। শনিবার আরও ৬০ মেগাওয়াট দেওয়ার ঘোষণা দেন মোদী। আরও ৫০০ মেগাওয়াট রপ্তানির প্রতিশ্রুতিও দেন তিনি।
নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুর পযন্ত ডিজেল পাইপলাইন স্থাপনে অর্থায়নে সম্মত হয়েছেন বলে জানান মোদী।
দু্ই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং ভারতে পাট রপ্তানিতে আরোপ করা অ্যান্টি ডাম্পিং কর তুলে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান শেখ হাসিনা।
খুলনা-কলকাতা বাস ও ট্রেন উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, “এই অঞ্চল ও দুই দেশের উন্নয়নের জন্য গ্রেটার কানেকটিভি গুরুত্বপূর্ণ বলে আমরা দুজন একমত হয়েছি।”
