২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস তথ্যমন্ত্রীর

চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে এবার ঢাকায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণে আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2017, 07:35 PM

Updated : 19 Aug 2022, 04:16 PM

শনিবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার রুমে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র কেন্দ্র’ চাই শীর্ষক জাতীয় চলচ্চিত্র সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, “দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা, কর্মীরা দাবি তুলছেন জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসারের জন্য এই কেন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রটি ঢাকার প্রাণকেন্দ্রেই নির্মিত হবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ফেরার পর চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের মূল মডেল ও প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানান ইনু।

সভায় চলচ্চিত্র নির্মাতাদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “টেলিভিশন ও ফিল্ম ইনস্টিটিউট এবং ফিল্ম আর্কাইভের জন্য জায়গা যখন বের করে ফেলেছি, তখন নিশ্চয় আমরা এই কেন্দ্রের জন্য জায়গা বের করে ফেলব। শাহবাগে পুলিশের অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে ফেললে সেখানে এ কেন্দ্রটি নির্মাণ করা যায় কি না, তা নিয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও কথা বলব।”

বক্তব্যে যথারীতি তিনি টেনে আনেন জঙ্গিবাদ বিষয়।

“এ মুহূর্তে সবচেয়ে বড় খলচরিত্র হল জঙ্গিবাদ। জঙ্গিবাদবিরোধী আন্দোলনে চলচ্চিত্র আন্দোলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জঙ্গিবাদের পুনরুৎপাদন ঠেকাতে চলচ্চিত্র আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”

সভার সভাপতি ‘নায়করাজ’ রাজ্জাক বলেন, “এখন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তারা পরষ্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন উভয়পক্ষের মধ্যে চাই একতা।”

নতুন নির্মাতারা ‘সিনেপ্লেক্সভিত্তিক’ সিনেমা নির্মাণ করছেন এমন মন্তব্য করে তিনি বলেন, “তাদের বলব, এবার বলাকা, মধুমিতা আর পুরনো ঢাকার সিনেমা হলগুলোর জন্যও ছবি বানান। এই নির্মাতাদের চিন্তাধারা ভীষণ ভালো। তারা সিনেমা হলে লোক টানতে সক্ষম।”

সভায় আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা-প্রযোজক সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, এফএফএসবির সভাপতি লায়লুন নাহার স্বেমি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

সভায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া উপস্থাপন করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “এই কেন্দ্রটি জাতীয় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় ও সহায়ক ভূমিকা পালন করবে। চলচ্চিত্র প্রদর্শনী, প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রটি এক অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, যা দেশের চলচ্চিত্র আন্দোলনকে আরও গতিশীল করবে।”

জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া মডেল উপস্থাপনে তিনি জানান, এতে যথাক্রমে ৭০০, ৩০০ ও ১৫০ আসনের তিনটি মিলনায়তন থাকবে, থাকবে ১৫০ আসনের একটি সেমিনার হল। স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য দুই থেকে তিনটি প্রশিক্ষণ কক্ষ, অডিও-ভিজ্যুয়াল লাইব্রেরি, ক্যাফেটারিয়া, অতিথিশালা, সভাকক্ষ থাকবে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রে অন্তত ৫টি কক্ষ বরাদ্দের সুপারিশ রয়েছে এই মডেলে।

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র পরিচালনা কমিটিতে এফএফএসবি সুপারিশ করছে চলচ্চিত্রবোদ্ধা কোনো নির্মাতা, গবেষক বা শিক্ষককে। কেন্দ্রটি সম্পূর্ণ আমলাতান্ত্রিক জটিলতামুক্ত রাখার দাবি জানান তারা।

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র পরিচালনার জন্য একটি উপদেষ্টা কমিটির নিয়ন্ত্রণে পরিচালনা কমিটি প্রণয়ন করতে হবে। এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ‍পরিচালনা কমিটি এবং উপদেষ্টা কমিটির মাধ্যমে নির্বাচিত হবে।

এই উপদেষ্টা কমিটি চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, গবেষক, চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র সংসদকর্মীদের নিয়ে গঠিত হতে পারে বলে অভিমত দিয়েছে সংগঠনটি।