আলোকচিত্রে পর্যটনকে এগিয়ে নেওয়ার আহ্বান
বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আলোকচিত্রের মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির (ডিইউপিএস) দশম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবিল রুবায়াৎ উল ইসলাম।
আলোকচিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এবারের আলোকচিত্র উৎসবের শিরোনাম ‘ইউনিটি ইন ডাইভারসিটি’।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস বলেন, “স্থান, রীতিনীতি ও সময়ের কথা বলে একটি ছবি। ছবির বয়স কখনো কমে না, ছবি এক দালিলিক প্রমাণ। ট্যুরিজম ও ফটোগ্রাফি অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। ইনটেনজিবল এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে আলোকচিত্রের ভূমিকা অপরিসীম।”
পরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার ভাষণে আলোকচিত্রের একাল-সেকালের আবেদনের কথা তুলে ধরেন।
“আমাদের সময়ে ছবি তোলা ছিল একটি উৎসব। শৈশব-কৈশোরে ছবি তোলার ঘটনা ছিল বড় বিরল। অথচ এখন প্রতিদিন কত শত ছবি তোলা হয়; তা সঙ্গে সঙ্গে আবার ফেইসবুকেও আপলোড করা হয়। এটাই তো স্বাভাবিক, আমি এটাকে বলব এক সমাজ বিবর্তন।”
ফটোশপের মাধ্যমে ছবি কারসাজি করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যের দুষ্কৃতিকারীদের নিন্দাও করেন তিনি।
ডিইউপিএসের সদস্যদের আলোকচিত্রে উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি। এই ছবিগুলো পর্যটন খাতকে সমৃদ্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
“তরুণ আলোকচিত্রীদের ছবিতে ফুটে উঠছে তাদের নিজস্ব কল্পনা ও সৃজনশীলতার কথা। আমরা এই কল্পনাশক্তিকে কাজে লাগাতে পারি পর্যটন খাতের বিকাশে। তাদের তোলা ছবি থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্তের কথা জানতে পারি।”
ডিইউপিএসের সভাপতি প্যারিস তালুকদার বলেন, “রঙে-রূপে বৈচিত্র্যে ভরা এই বাংলা। এখানে উৎসব পার্বণ আসে সম্প্রীতির বার্তা নিয়ে। ঘুচে যায় জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ। এছাড়াও এদেশের রয়েছে অনন্য সংস্কৃতি এবং পরিবেশগত সৌন্দর্য্য। এবার এসবই ফুটিয়ে তোলা হবে আলোকচিত্রের মাধ্যমে।”
তিন দিনব্যাপী আলোকচিত্র উৎসবের ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর ও বটতলা। এখানে প্রদর্শিত হচ্ছে তিনটি ফটোস্টোরি, ৪৫টি আলোকচিত্র এবং ভুটান ট্যুরের ২০টি ছবি।
তিনটি ফটোস্টোরি হল ‘লিভিং ইন ওল্ড এইজ হোম’, বিশ্ব ইজতেমা’ এবং ‘সি স্যান্ড অ্যান্ড শোর’। প্রথম দুটি ছবি তুলেছেন ডিইউপিএসের প্রচার সম্পাদক রাহাত মাহফুজ, অন্যটি জাহিদ হাসান বাঁধনের।
‘জাজেজ চয়েজ’ ক্যাটাগরিতে রয়েছে রাহাত মাহফুজ, নিলয় পাল ও হাসান আহমেদ রাকিবের ছবি।
২০১৬ সালের অক্টোবরে ভুটানে ঘুরতে গিয়েছিলেন ডিইউপিসের সদস্যরা। সেই সফরে তোলা নানা ছবি ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। সেখানে উঠে এসেছে ভুটানিদের জীবনযাত্রা, ধর্মীয় আচার আর সমাজ ব্যবস্থার নানা ছবি।
তরুণ আলোকচিত্রীদের ছবিতে আরও উঠে এসেছেন গ্রামীণ জনপদের নিরন্তর সংগ্রাম, আটপৌরে নাগরিক জীবনের ইতিবৃত্ত।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
