২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমাম সম্মেলন: যানজটে নাকাল নগরবাসী

ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন ও সমাবেশের কারণে পুলিশ সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে বেশ কিছু সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করায় দিনের একটি বড় সময় যানজটে নাকাল হতে হয়েছে ঢাকাবাসীকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 04:45 PM

Updated : 11 Oct 2022, 01:44 PM

ওই সম্মেলন ঘিরে সকাল ১০টা থেকেই আশপাশের অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাতে পলাশী, চাঁনখারপুল, রূপসীবাংলা, কাঁটাবন ও বাংলামোটর এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট।

এর প্রভাবে আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি চলে ধীর গতিতে; নগর পরিবহনের বাস কম থাকায় সমস্যায় পড়ার কথা জানান যাত্রীরা। 

Image
ছবি: আব্দুল মান্নান

ছবি: আব্দুল মান্নান

সমাবেশ শেষে সন্ধ্যায় যান চলাচলের জন্য সড়ক ছেড়ে দেওয়ার পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। 

বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশ নেন সৌদি আরবের কাবা শরিফ ও মসজিদে নববী কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন নাসের মোহাম্মাদ আল-খুজাইম এবং মসজিদে নববীর ইমাম আবদুল মেহসিন বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল-কাসিম।

ঢাকার বাইরে থেকে ওলামা-মাশায়েখদের নিয়ে প্রায় আড়াই হাজার যানবাহন ঢাকায় আসায় দুটি রাস্তা বন্ধ রাখার পাশাপাশি ২৫টি স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ।

যান চলাচল বন্ধ থাকে শাহবাগ থেকে মৎস্যভবন এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তায়।

মৎস্যভবন থেকে মগবাজার ঘুরে বাংলামোটর হয়ে ফার্মগেইটের দিকে যায় যানবাহন। অফিস ছুটির পর গাড়ির চাপে যানজটে মগবাজার থেকে বাংলামোটর পেরোতেই দীর্ঘসময় গাড়ির মধ্যে বসে থাকতে হয়।

এদিকে শহরের কেন্দ্রস্থলে যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় ফার্মগেইট, মহাখালী, গুলশানসহ বিভিন্ন এলাকায় যানবাহন ছিল অন্য দিনের তুলনায় অনেক কম। 

দুপুরে ফার্মগেইট থেকে শাহবাগের পথে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে ইন্দ্রজিৎ সরকার জানান, ফার্মগেইট থেকে শাহবাগের পথে বাসের সংখ্যা ছিল একবারেই কম। তবে ফার্মগেইট থেকে উত্তর ও পশ্চিমে যাওয়ার রাস্তায় যানজট ছিল।

মোহাম্মদপুর থেকে মহাখালী আসার পথে আসাদ গেইট পর্যন্ত তীব্র যানজটের পর কিছুটা ফাঁকা রাস্তা পেলেও বিজয় সরণিতে এসে আবার যানজট পাওয়ার কথা জানান সাংবাদিক আব্দুল মোমিন।

দুপুরে রমনা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোহরাওয়ার্দীতে সম্মেলন ঘিরে বেলা সোয়া ১টার পর ওই এলাকায় ডাইভারশন শুরু হলে যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায়।

বিকালে মগবাজার থেকে মহাখালীমুখী সড়কে অন্য দিনের তুলনায় যানজট কম থাকলেও বিপরীত দিকে যেতে পোহাতে হয় যানজটের ভোগান্তি।  

ওই সময় উত্তরা থেকে মহাখালী আসার পথে বনানীর চেয়ারম্যান বাড়ির কাছে আটকে থাকা একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানজট এত তীব্র যে মহাখালীর দিকে কোনো গাড়িই চলছে না।”

এর কারণ জানতে চাইলে মহাখালী এলাকায় কর্মরত পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশে আসা ওলামা- মাশায়েখদের গাড়িগুলো রাজধানীর বিভিন্ন স্থানে রাখা হয়েছে। সমাবেশ থেকে তারা বিভিন্ন স্থানে হেঁটে যাচ্ছেন। এই কারণেই যানজট।”

সমাবেশে আগতদের প্রায় আড়াই হাজার গাড়ি ঢাকার শেরে বাংলানগরে বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁও তালতলা, হাতিরঝিলের দক্ষিণপূর্ব পাশে, আফতাবনগরে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির পূর্বপাশ, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের সামনে, রাজউক-দৈনিক বাংলা পর্যন্ত সড়ক, কমলাপুর, পীর জঙ্গি মাজার, খিলগাঁও-খিদমাহ হাসপাতাল এলাকা, বানিয়ানগর-দয়াগঞ্জ, জুরাইন রেলগেইট পর্যন্ত, ফাতেমা নাজ ফিলিং স্টেশন ও শনির আখড়া, দনিয়া কলেজ, সাইন বোর্ড এবং সায়েদাবাদ ব্রিজ পর্যন্ত এলাকায় রাস্তার পাশে রাখা হয়।