এলিফ্যান্ট রোডে পোশাক শ্রমিকদের অবরোধ
কারখানা স্থানান্তরের পর বকেয়া বেতনের দাবিতে রাজধানীর একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
তাদের বিক্ষোভের কারণে দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে বলে নিউমার্কেট থানার ওসি আতিকুল আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফ্যাশন নেটওয়ার্ক নামের ওই পোশাক কারখানাটি সম্প্রতি তা গাজীপুরে স্থানান্তরিত হয়েছে। কারখানা স্থানান্তরের পর থেকেই বকেয়া বেতনে দেওয়ার দাবি জানিয়ে আসছে শ্রমিকরা।
“আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ দেড়মাস পর্যন্ত দিতে রাজি আছে। কিন্তু শ্রমিকরা পুরো বেতনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে।”
পরে বেলা সাড়ে ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিতে সক্ষম হয় বলে জানান ওসি আতিকুল।
