২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে হল পাসপোর্ট অফিসের শাখা

সচিবালয়ের ভেতরে একটি অফিস চালু করেছে পাসপোর্ট অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 02:23 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অফিসটি উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, পাসপোর্টে সেবা পাওয়া জনগণের অধিকার। জনগণকে এই সেবা দিতে যেখানেই পাসপোর্ট অফিসের প্রয়োজন হবে সেখানেই সরকার অফিস খুলে দেবে।

তিনি বলেন, সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা সারাদিন অফিসে থাকেন। তাদের পাসপোর্ট করার প্রয়োজন হলে অন্য জায়গায় সময় দিতে হতো। এখন সেই সমস্যা কাটবে।

পাসপোর্ট অধিদপ্তরের ৬৯তম এই অফিস থেকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদেরও সেবা দেওয়ার ব্যবস্থা হবে বলে জানান তিনি।

পাসপোর্ট  অফিসগুলোতে দালালদের দৌরাত্মের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, “আমার জানা মতে পাসপোর্ট অফিসগুলোতে এখন দালালদের দৌরাত্ম অনেক কমে গেছে। পাসপোর্ট অফিসগুলোতে হেল্প ডেস্ক করায় দালালদের দৌরাত্ম আর আগের মত নেই।”

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন এক তলা একটি ভবনে তিন কক্ষের এই পাসপোর্ট অফিসে কর্মীসংখ্যাও তিনজন।

পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এই অফিসে পাসপোর্ট করতে পারবেন। তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট করাতে হলে ‘জিও’ পরিবর্তন করতে হবে।

আবেদনকারীর ছবি তোলা ও পাসপোর্ট সরবরাহসহ অন্যান্য কাজ এ অফিস থেকেই হবে বলে অফিস সহকারী মো. সাব্বির আহমেদ জানান।