সীমান্তে পোঁতা বিস্ফোরক সরাতে কাজ করবে বাংলাদেশ-মিয়ানমার
সীমান্তের শূন্য রেখার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইন ও আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) অপসারণে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।
দুই দেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন শেষে বৃহস্পতিবার সকালে পিলখানায় এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, সম্মেলনে সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে দুই বাহিনীর কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে।
“শূন্য রেখার আশেপাশে পুঁতে রাখা আইইডি ও মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা পরিহার এবং সীমান্তে টহল পরিচালনাসহ সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উভয়পক্ষ সম্মত হয়েছে।”
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১৫০ কিলোমিটার পাহাড়, জঙ্গল, টিলাবেষ্টিত দুর্গম সীমান্ত এলাকা। সীমান্তের উভয় দিকে শূন্য রেখা থেকে ৫০০ গজ পর্যন্ত এলাকাকে বলা হয় ‘নো ম্যানস ল্যান্ড’।
দুর্গম ওই এলাকায় মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতা যেমন আছে, তেমনি চোরাকারবারীরা ওই সীমান্ত ব্যবহার করছে অস্ত্র ও মাদক পাচারের পথ হিসেবে।
“সফররত প্রতিনিধি দলও ইয়াবা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে; ইয়াবা রোধে তারাও কাজ করছে বলে আমাদের জানিয়েছে।”
সীমান্ত সম্মেলনে ১৬ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন আনিছুর; মিয়ানমারের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মেয়োসেও উইন।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বলেন, দুই দেশই তাদের ভূমি সন্ত্রাসীদের ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। সীমান্তের কোথাও অপরাধীদের অবস্থানের তথ্য পাওয়া গেলে সমন্বিত অভিযান চালানো হবে।
তিনি জানান, রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক বলে মিয়ানমারের প্রতিনিধি দল তাদের জানিয়েছে। ‘অস্বাভাবিক পরিস্থিতিতে’ সীমান্ত পেরিয়ে মিয়ানমারের বাসিন্দাদের বাংলাদেশে ঢুকে পড়া কমাতে দুই দেশ একসঙ্গে কাজ করতেও সম্মত হয়েছে।
“মংডুতে এখন অশান্ত পরিবেশ নেই। গত বছরের মত পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্তে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ স্থপন করে অবৈধ অনুপ্রবেশ রোধে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”
