২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ভবন নির্মাণের ঋণ নিয়ে তা আত্মসাতে জড়িত অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 06:18 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

বুধবার রাজধানীর শাহবাগ থানায় দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- ইউসিবিএলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেয়ার উদ্দিন আহমেদ, সহকারী ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন পাঠান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (আইন বিভাগ) মসিউদ্দিন হোসাইন এবং ভবন মালিক ও আলমপনা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ।

মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নয় কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে বলে জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি ও জালিয়াতি এবং জাল নকশার মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডে ১৫ তলা ‘আলমপনা ভবন’ নির্মাণ করা হয়।

পরে ভবনটির একই ফ্ল্যাট একাধিক গ্রাহকের কাছে বিক্রি করা হয়।

প্রণব বলেন, “ঋণ আবেদনকারীরাই প্রকৃতপক্ষে ভবনটির ফ্ল্যাট ক্রয় করেছেন। কিন্তু তা যাচাই-বাছাই না করে ফ্ল্যাট ঋণের বিপরীতে ব্যাংক কর্মকর্তারা ভুয়া নামজারির কাগজপত্রের মাধ্যমে ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে সাত কোটি ৭০ লাখ টাকা ছাড় করেন।”

এছাড়া ওই ভবনের চার ফ্ল্যাট ক্রেতার কাছ থেকে আরও এক কোটি ৮৩ লাখ টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আসামিরা আত্মসাৎ করেন বলে জানান এই দুদক কর্মকর্তা।