২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস মোকাবেলায় সম্মিলিত নীতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্বসম্প্রদায়কে সম্মিলিত নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 09:26 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

তিনি বলেছেন, “সন্ত্রাস-জঙ্গিবাদ শুধুমাত্র উন্নয়ন ও গণতন্ত্রকে পেছনের দিকে টেনে ধরছেই না, বরং এটি মানব সভ্যতার জন্য একটি বড় অভিশাপ। এর মূল উৎপাটনে আমাদের সম্মিলিতভাবে নীতি গ্রহণ করতে হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাজধানীতে চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিউ) ১৩৬তম সম্মেলনে আসা প্রতিনিধদের সম্মানে এক নৈশভোজে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

দরবার হলে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, আইপিউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, প্রধানমন্ত্রী মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন, সম্মেলনে আসা বিভিন্ন প্রতিনিধি দলের প্রধান, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদের হুইপ, তিন বাহিনীর প্রধানরা অংশ নেন।

নৈশভোজের আগে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় একটি সাংষ্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি আবদুল হামিদ বলেন, “আসুন, পারস্পরিক সহানুভূতিশীল এবং নিরাপদ বিশ্ব গড়তে সব ধরনের সামাজিক বৈষম্য, মানবিক অসমতা এবং সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করি।

“আইপিইউর সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের হুমকি, সন্ত্রাসবাদ এবং বৈষম্যের মত বিষয়কে মোকাবেলা করছে, যেগুলো মানব সভ্যতার উদ্বেগের বিষয়। আসুন বিশ্ব জলবায়ু পরিবর্তনের মোকাবেলা, দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রীতির চর্চা প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্ঠা চালাই।”

Image
নৈশভোজের ফাঁকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় অতিথিরা

নৈশভোজের ফাঁকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় অতিথিরা

রাষ্ট্রপতি বলেন, “১৯৭১ সালের জন্মলগ্ন থেকে বাংলাদেশ বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংহতি প্রকাশ করে আসছে। আমরা মানুষের অপরাজেয় প্রত্যাশা ও মর্যাদায় বিশ্বাস করি। দারিদ্র্য বিমোচন, সমতা প্রতিষ্ঠা এবং মানুষের জীবন মান উন্নত করার আমাদের প্রচেষ্টায় অনুপ্রেরণা হিসেবে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা।

“আশার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ টেকসই আর্থ-সামজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক অগ্রগতিতে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে।”

১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইপিইউ টেকসই উন্নয়ন কমিটি এবং বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় এই ফোরামের নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতাও তুলে ধরেন বাংলাদেশের আইনসভার সাবেক স্পিকার আবদুল হামিদ।