সঙ্কটে পড়ে অনুদান চায় ক্যাব
আর্থিক সঙ্কটে পড়ে আগামী জাতীয় বাজেটে সরকারি অনুদান চেয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সেচ্ছাসেবী প্রতিষ্ঠান কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
আসন্ন জাতীয় বাজেট (২০১৭-১৮) উপলক্ষে মঙ্গলবার ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোক্তাদের অধিকার রক্ষায় কয়েকটি প্রস্তাবনা তুলে ধরার পাশাপাশি ক্যাবের আর্থিক সঙ্কটের কথাও তুলে ধরেন সংগঠনের সভাপতি গোলাম রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ স্বীকৃত একমাত্র ভোক্তা অধিকার সংগঠন। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। কনফ্লিক্ট অব ইন্টারেস্টের কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো থেকেও কোনো অনুদান নেওয়া হয় না। প্রতিষ্ঠানটি সরকারি কোনো অনুদানও পায়নি।
অথচ সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য ক্যাবের কার্যক্রম জোরদার করা আবশ্যক। কিন্তু সম্পদের স্বল্পতায় ক্যাব সুচারুরূপে কাজ করতে পারছে না।
ক্যাব সভাপতি বলেন, “সরকার প্রতিবছরই নানা সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে থাকে। ব্যবসায়ীদের চেম্বার ও ট্রেড অ্যাসোসিয়েশনগুলোকেও সুযোগ সুবিধা দেয়। এ প্রেক্ষাপটে আগামী বাজেটে ভোক্তাদের সংগঠন ক্যাবকে যুক্তিসঙ্গত বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি।”
ইতোপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যাবের জন্য পর পর দুই বছর সাত লাখ ও ১০ লাখ টাকার অনুদান দেওয়ার কথা দিলেও তা বাস্তবে রূপ নেয়নি বলে জানান গোলাম রহমান।
সংবাদ সম্মেলন থেকে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে ভোক্তাদের অধিকার রক্ষায় বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানিসহ জরুরি সেবাগুলোর দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
নিত্যপণ্য
নিত্যপণ্যের বিষয়ে প্রস্তাবনায় বলা হয়, ২০১৬-১৭ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানির ওপর শুল্ক হার এক বছরের জন্য অপরিবর্তিত রাখা হয়। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটেও নিত্যপণ্যের ওপর বাড়তি কোনো শুল্ক কর আরোপ করা হবে না বলে ক্যাব আশা করে।
করমুক্ত আয়সীমা বাড়ানো
করারোপযোগ্য আয়ের সীমা ন্যূনতম আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম তিন লাখ টাকা করার আহ্বান জানায় ক্যাব।
তাদের এ সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়, ১৬ কোটি মানুষের দেশে খুবই নগন্য সংখ্যক মানুষ আয়কর দেয়। কর আরোপযোগ্য বার্ষিক আড়াই লাখ টাকার সমপরিমাণ অর্থ অনেকেই উপার্জন করছেন। কিন্তু তাদের অধিকাংশই টেক্স নেট বা কর জালের বাইরে। তাদেরকে যেমন টেক্স নেটের আওতায় আনা প্রয়োজন, তেমনি জীবন ব্যয় বৃদ্ধি পাওয়ায় করারোপযোগ্য আয়ের সীমা নূন্যতম তিন লাখ টাকা করা প্রয়োজন।
বিদ্যুৎ ও জ্বালানি
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম দীর্ঘদিন ধরে নিম্নগামী মন্তব্য করে প্রস্তাবনায় বলা হয়, সরকার তার পরেও ভর্তুকি বাবদ এতদিন ব্যয় করা অর্থ ফেরানোর কথা বলে পূর্ব নির্ধারিত উচ্চ মূল্যেই জ্বালানি তেল বিক্রি করেছে। পরে ভর্তুকি পরিশোধ হলে দাম কিছুটা কমালেও তা বিশ্ববাজারের তুলনায় নগণ্য। দরপতন অব্যাহত থাকলে তেলের দাম কমানো হবে বলে এতদিন যে আশ্বাস সরকার দিচ্ছিল, এখন তা থেকেও সরে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলে দাম বাড়ার আশঙ্কা আছে, তাই দেশের বাজারে দাম কমানো ঠিক হবে না বলে জ্বালানি প্রতিমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছেন। মনে হচ্ছে, সরকারকে ব্যবসায়িক মনোবৃত্তি পেয়ে বসেছে। জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়বে সে বিবেচনা কর্তাব্যক্তিদের নেই।
ক্যাব বলছে, এনার্জি রেগুলেটরি কমিশন বছরের কমপক্ষে একবার গণশুনানি করে জ্বালানি তেলের দাম ঠিক করতে পারে। বিশ্ববাজার থেকে বাড়তি অর্থ দিয়ে প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড বা মূল্য স্থিতিশীলকরণ তহবিল গঠন করা যেতে পারে, যাতে দাম বাড়লে তহবিলের অর্থ দিয়ে ভর্তুকি দেওয়া যায়।
সরকার মধ্যপ্রাচ্য থেকে এলপিজি আমদানির নানা প্রকল্প চূড়ান্ত করেছে। এসব এলপিজির মূল্য দেশীয় প্রাকৃতিক গ্যাসের মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি। গ্যাসের মূল্য সহনশীল রাখতে আমদানি গ্যাস ও এলপিজিকে সব ধরনের কর ও শুল্ক মুক্ত রাখা প্রয়োজন।
বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত এ প্রস্তাবনায় ছোট আকারের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে সাশ্রয়ী হিসেবে বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রস্তাবনায় বলা হয়, ছোট আকারের কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সরকারের পক্ষে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে আরেক দফা বিদ্যুতের দাম বৃদ্ধি করতে বিইআরসির কাছে প্রস্তাব করেছে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো। বিদ্যুতের দাম বাড়ানো হলে জীবনযাত্রার ব্যয় বাড়ে।
বড় বিদ্যুৎকেন্দ্রে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদিত হয়। তাই রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে এসে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করছি।
ওয়াসা
ঢাকা ওয়াসা সম্প্রতি দুই দফায় পানি ও পয়ঃনিষ্কাশন সেবার মূল্য ২৩ শতাংশ বাড়িয়েছে উল্লেখ করে ক্যাব বলছে, কর্তাব্যক্তিরা ব্যবসায়িক বিবেচনায় এই অন্যায্য কাজটি করেছে। মৌলিক এসব সেবা দেওয়া যে সরকারের দায়িত্ব, তা তারা ভুলে গেছে।
ধানচাল ক্রয়
লিখিত প্রস্তাবনায় ধান-চাল ক্রয়ের ক্ষেত্রে বলা হয়, সরকার মাঠ পর্যায় থেকে নির্ধারিত মূল্যে প্রতিবছর ধান-চাল ক্রয় করে। কিন্তু প্রায় অভিযোগ ওঠে সংগ্রহ কার্যক্রম বিলম্বে শুরু হওয়ার কারণে সরকার নির্ধারিত ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হয়, আর মধ্যস্বত্বভোগী মৌসুমী ব্যবসায়ী শ্রেণি ও মিল মালিকরা লাভবান হয়।
এ প্রেক্ষাপটে টেকসই খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে প্রধান প্রধান ধান-চাল উৎপাদন এলাকায় পরীক্ষামূলকভাবে ‘কন্টাক্ট গ্রোয়িং স্কিম’ গ্রহণ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয়ের উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করছি।
দ্রব্যমূল্য
ক্যাব-এর হিসাবে রাজধানী ঢাকায় ২০১৬ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ এবং পণ্য ও সেবার মূল্য বেড়েছে ৫ দশমিক ৮১ শতাংশ।
যুক্তিসঙ্গত কারণ ছাড়াই হঠাৎ কোনো এক বা একাধিক ভোগ্যপণ্যের মূল্য হু হু করে বাড়ে মন্তব্য করে ক্যাব বলছে, সম্প্রতি মোটা চাল, গরুর মাংসের দাম বাড়ছে। ইতোপূর্বে ভোজ্য তেল, গুঁড়ো দুধ, ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এমনটা ঘটেছে।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য অতি আবশ্যকীয় ১০ থেকে ১২টি নিত্য প্রয়োজনীয় পণ্য- যেমন মোটা চাল, আটা, ভোজ্য তেল, চিনি, গুঁড়ো দুধ, আলু, লবণ, ইত্যাদি চিহ্নিত করে এসব পণ্যের মূল্য যাতে ক্রয় সীমার মধ্যে থাকে সে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে প্রস্তাবনায় বলছে ভোক্তা অধিকার সংগঠনটি।
এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পৃথক বিভাগ অথবা ভোক্তাস্বার্থ রক্ষার উদ্দেশ্যে নতুন একটি মন্ত্রণালয় সৃষ্টির আহ্বান জানায় ক্যাব।
সংবাদ সম্মেলনে ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ভূঁইয়া, জ্বালানি উপদেষ্টা শামসুল আলম উপস্থিত ছিলেন।
