রোকেয়ায় প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগে প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমানের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার এ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
রুলে শিক্ষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের আইনের ব্যত্যয় ঘটানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কে এম হাফিজুল আলম রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে তাপস কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা সংরক্ষণ না করেই প্রভাষক নিয়োগের ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে রিট করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন। এছাড়া কেন ওই বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।”
গত ১২ ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগে প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তাবিউর রহমান গত ২ এপ্রিল হাই কোর্টে রিট করেন।
