২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বসতভূমি অধিগ্রহণ হচ্ছে না: রাজউক

প্রস্তাবিত ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ করে রাজউক বলেছে, সেখানে বসতিবিহীন জমিতেই পরিকল্পিত আবাসিক এলাকা নির্মাণে সমীক্ষা চালাচ্ছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 10:55 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

বসতভূমি অধিগ্রহণের আশঙ্কা থেকে সোমবার স্থানীয়দের বিক্ষোভ ও হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অবস্থান তুলে ধরা হয়।

তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নতুন এই প্রকল্প পরিকল্পনা নিয়ে তারা রাজউকের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে আস্তস্ত হতে চান। ক্ষুদ্র ভূমি মালিকরা উচ্ছেদের শিকার হবেন না এমন আশ্বাসও চান তারা।

কেরানীগঞ্জ ও সাভার উপজেলার ১৬টি মৌজার ১০ হাজারেরও বেশি বসতবাড়ি এবং কৃষিজমিসহ প্রায় পাঁচ হাজার একর জমি হুকুম দখল করে রাজউক একটি আবাসিক প্রকল্পের পরিকল্পনা করছে বলে খবর ছড়িয়েছে।

এরপর গত এক সপ্তাহ ধরে নাজিরপুর, চুনারচর, তারানগরের বেউতা ও ভাওয়ালসহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।

সোমবার দুপুরে কলাতিয়া বাজার থেকে বসিলা ব্রিজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করে এলাকাবাসী। ভবিষ্যতে ১৬টি মৌজার জনগণ আরও কঠোর কর্মসূচি দেবে বলেও ঘোষণা করা হয় মানববন্ধন থেকে।

এসব কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা অংশ নেন।

এরপর রাতে রাজউকের সচিব সুশান্ত চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেরানীগঞ্জ মডেল টাউন’ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় জনগণের সভা-সমাবেশ ও মানববন্ধন সংস্থার নজরে এসেছে।

“স্থানীয় জনসাধারণের বাড়িঘর অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন করা হবে মর্মে বিভ্রান্তিকর তথ্য একটি বিশেষ স্বার্থান্বেষী মহল প্রচার করছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাড়িঘর অধিগ্রহণের আওতায় যাতে না পড়ে, সে লক্ষ্যেই কেবল বসতিহীন জায়গাতেই প্রকল্প গ্রহণের লক্ষ্যে সমীক্ষা যাচাই চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই রাজউক প্রকল্প এলাকা চূড়ান্ত করবে বলে জানানো হয়।

রাজউকের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আন্দোলনের নেতৃত্বে থাকা তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনগণ উচ্ছেদের আতঙ্কে আছে। ভূমি অধিগ্রহণ করে মন্ত্রী-এমপিদের জন্য নতুন প্লটের ব্যবস্থা করা হচ্ছে-এমন খবর রয়েছে আমাদের কাছে। সে কারণে বিষয়টি এক্ষুনি স্পষ্ট হওয়া দরকার। 

“তারা (রাজউক) যদি আমাদের সাথে বসে, কোন এরিয়া নিতে চায় সেটা সুনির্দিষ্টভাবে বলে, তাহলে ভালো হয়। অন্যথায় স্থানীয়রা এই পরিকল্পনা মেনে নেব না।”

মোশাররফের দাবি, রাজউক পরিকল্পিত এলাকায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার পাকা-আধা পাকা বাড়ি আছে। এর দুই থেকে তিনগুণ আছে কাঁচা বাড়ি। সব মিলিয়ে বসত বাড়ির সংখ্যা ১২ হাজারের মতো।

“প্রকল্প হলে এসব লোক যাবে কোথায় তার একটা সুরাহা হওয়া প্রয়োজন,” বলেন মোশারফ।