২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-খুলনা-কলকাতা বাস চালাতে সরকারের সম্মতি

ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতা রুটে নতুন বাস সেবা চালু করতে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য খসড়া অনুমোদন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 05:12 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ঢাকা-কলকাতা রুটে বেনাপোল হয়ে গাড়ি চলাচল করে। এই চুক্তি হলে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চালু হবে। মন্ত্রিসভা বিষয়টি অনুমোদন করেছে।

সচিব বলেন, ঢাকা থেকে সড়কপথে বর্তমানে বঙ্গবন্ধু সেতু, হাটিকুমরুল হয়ে যশোরের বেনাপোল হয়ে গাড়ি কলকাতায় যায়। নতুন রুটে মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রূপসা নদী পার হয়ে খুলনা দিয়ে বেনাপোল হয়ে কলকাতা যাবে, এতে দূরত্ব কমবে ৯৬ কিলোমিটার।

নতুন এই রুটে কবে থেকে গাড়ি চলবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আগে চুক্তি হবে তারপর চালু হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে বা পরে এই চুক্তি হতে পারে।”

তিনি জানান, চুক্তি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রুটের বাস সেবা উদ্বোধন করা হবে। উদ্বোধনে ঢাকা ও কলকাতা থেকে দুটি বাস রওনা হবে।

২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’

সরকার ২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।

সচিব জানান, মন্ত্রিসভা এ দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে।

আর্থিক খরচের উপর দিবসের শ্রেণি করা হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খ’ শ্রেণিতে সরকারি উৎস থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, ওই গ্রুপে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদেশেও এ দিবস রয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, “বিভিন্ন দেশ বিভিন্নভাবে দিবসটি পালন করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২৩ জুন পালন করা হয়। আমাদের দেশে ২৩ জুন অনেক গুরুত্বপূর্ণ দিবস আছে। দ্বৈততা পরিহারের জন্য এটা ২৩ জুলাই করা হল।”

বাংলাদেশে পাবলিক সার্ভিস দিবস ২৩ জুলাই কেন নির্ধারিত হল- এমন প্রশ্নে শফিউল বলেন, “২৩ জুলাই প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ফরমালি জনপ্রশাসন পদক দেন।”