২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-সুমিত্রা বৈঠকে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক ঘটনা স্মরণ

বাংলাদেশ ও ভারতের যেভাবে উৎসবমুখর পরিবেশে ছিটমহল বিনিময় হয়েছে তা বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 10:58 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

রোববার বিকালে গণভবনে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন দেখা করতে এলে এই মন্তব্য করেন তিনি।

প্রতিক্রিয়ায় সুমিত্রা মহাজন লোকসভায় দুই দেশের স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের সময়কার পরিস্থিতি বর্ণনা করে বলেন, এটা সত্যিই একটা ইতিহাস।  

ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগের সময় ১৯৪৭ সাল থেকে সিরিল রেডক্লিফ কমিশনের তাড়াহুড়োয় বাংলাদেশে ১১১ ভারতীয় ছিটমহল এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বাংলাদেশের ৫১ ছিটমহলের বাসিন্দারা জটিল এক রাষ্ট্রব্যবস্থার ভেতর বসবাস করে আসছিলেন।

ভারতের পার্লামেন্টে দুই দেশের স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের পর ২০১৫ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে ছিটমহল বিনিময়ে অনুসমর্থনের দলিল হস্তান্তর হয়।

আনুষ্ঠানিকভাবে গতবছরের ৩১ জুলাই ছিটমহল ও এর বাসিন্দাদের দুদেশের মধ্যে বিনিময়ের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে।

২০১৫ সালের মে মাসে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় যখন স্থল সীমান্ত চুক্তি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয় তখন সভাপতিত্ব করেন সুমিত্রা মহাজন; যিনি আইপিইউ সম্মেলনে যোগ দিতে বর্তমানে ঢাকায় রয়েছেন।   

সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, দুদেশের মধ্যে ছিটমহল ও মানুষ বিনিময় যেভাবে উৎসবমূখর পরিবেশে হয়েছে তা বিশ্ব ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত।

“এর প্রতিক্রিয়ায় সুমিত্রা মহাজন লোকসভার উৎসবমুখর পরিবেশের বর্ণনা দিয়ে বলেন, সব সদস্য এটা সমর্থন করে এবং বিল পাশে তারা সবাই খুব খুশি হয়। এটা সত্যিই একটা ইতিহাস।” 

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, লোকসভার সচিব অনুপ মিশ্র, বাংলাদেশের ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।