অটিস্টিক শিশুদের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান
অটিস্টিক শিশুদের মূলধারায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “একটা সময় অটিজম বা প্রতিবন্ধী শিশুদের বিষয়ে কারও কোনো ধারণা ছিল না। সায়মা ওয়াজেদ পুতুলের জন্য দেশের মানুষ এদেরকে বুঝতে ও চিনতে পেরেছে। এ ধরনের শিশুদের জন্মের বিষয়ে অভিভাবকদের কোনো দোষ নেই।
“সচেতনতার মাধ্যমে এদেরকে মানুষ করতে হবে। তাহলে এরা মূল সমাজের অগ্রযাত্রার সঙ্গে সম্পৃক্ত হতে পারবে।”
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের সাথে’। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা এ প্রতিপাদ্যকে যর্থাথতা প্রমাণ করে।
শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, “এ ধরনের শিশুদের মানুষ করতে অভিভাবকদের পাশাপাশি সমাজের অন্যদেরও এগিয়ে আসতে হবে। এদের দিকে সুনির্দিষ্ট দৃষ্টি দিলে তারা সমাজের মূল স্রোতে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ সুস্থ বাচ্চাদের মতো তারাও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।”
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নীপার মতো আরও অনেকেই এসেছিল শিশু একাডেমি মিলনায়তনে। অতিথিদের আগমনের পর তারা গাইল, নাচল; মুগ্ধ করল সবাইকে। তাদের নৃত্যের ছন্দ, গানের সুর ছড়িয়ে পড়ে চারপাশে।
শিশু নাঈমা ফাতেমা তুজ জোহরা বলে, “আমরা কারও চেয়ে কম নই। জানো? আমি নাচতে খুব পছন্দ করি। গানও গাইতে পারি, খেলাধুলাও করি।”
রেজওয়ানুল হক আরিয়ান টিভিতে খেলা দেখে, কিন্তু খেলতে পারে না- এ নিয়ে তার মন খারাপ না।
“আমি গাইতে পারি, নাচতে পারি। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি চাইব সবাই আমার সঙ্গে গাইবে, নাচবে।”
আলোচনা পর্বের আগে মঞ্চে আসে সুইড বাংলাদেশের শিল্পীরা। ‘মন মোর মেঘের সঙ্গী’ ও ‘মোর ভাবনারে কি হাওয়ায়’ গানের তালে মুখরিত হয় চারপাশ। সোয়াকের শিল্পীরা পরিবেশন করে ‘দুই এপ্রিল’ শিরোনামে দলীয় নৃত্য প্রযোজনা। প্রয়াস স্পেশাল স্কুলের শিক্ষার্থীরা ‘নিমফুলের মৌ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে।
একক কণ্ঠে শাম্মী ‘কোন বা পথে নিতাইগঞ্জ যাই’ ও নাঈম ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ পরিবেশন করে।
এরপর বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে প্রদর্শিত হয় বিশেষ তথ্যচিত্র ‘তুমি অগ্রদূত হয়ে দাঁড়ালে বিশেষ শিশুদের পাশে’।
বাজারে এল গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’
ড. বিলকিস রহমানের গবেষণাগ্রন্থ ‘উইমেন ইন কাবিননামা’ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে । রাজধানীর পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বইটির প্রকাশক পাঠক সমাবেশের সম্পাদনা বিভাগের প্রধান ওয়াহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আশা ইসলাম নাঈম, একই বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন শাইখ ইমতিয়াজ।
‘উইমেন ইন কাবিননামা’ গ্রন্থে নারীর অধিকার সুরক্ষায় বিয়ের দলিল হিসেবে কাবিননামার ভূমিকা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন বিলকিস রহমান। ঊনবিংশ শতকের ১২২টি কাবিননামা উপস্থাপিত হয়েছে গ্রন্থটিতে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাঠক সমাবেশ।
সেলিম আহমেদের প্রচ্ছদে ৭০ পৃষ্ঠায় বিন্যস্ত বইটির মূল্য রাখা হয়েছে ৩৪৫ টাকা।
