২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য ও জঙ্গিবাদ মোকাবিলায় জোর প্রধানমন্ত্রীর

দেশের বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্য ও জঙ্গিবাদ মোকাবিলার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

বাংলাদেশ সফররত ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত রোববার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসনানুল করিম পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, “দারিদ্র্য ও জঙ্গিবাদ মোকাবিলা করাকে প্রধানমন্ত্রী সরকারের অন্যতম প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বাংলাদেশের মাটি কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না।”

প্রেস সচিব জানান, বাংলাদেশ সফরের জন্য ভারতীয় সেনাপ্রধানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য দুই দেশের সহযোগিতার প্রয়োজনের কথাও বৈঠকে উল্লেখ করেন বাংলাদেশের সরকারপ্রধান।  

ইহসানুল করিম বলেন, ভারতের সেনাপ্রধান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন এবং দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে নিজের সন্তোষের কথা জানান।

“তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে মূল্য দিই এবং সবকিছুই করি সমমর্যাদার ভিত্তিতে।”

দুই দেশের সেনাবাহিনীর যৌথভাবে সাইক্লিং এক্সপিডিশনে অংশ নেওয়ার বিষয়টিও বৈঠকে উল্লেখ করেন ভারতীয় সেনাপ্রধান।

ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তির গুরুত্ব তুলে ধরে জেনারেল রাওয়াত বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীল বাংলাদেশ দেখে তারা খুশি।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রী সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের আমন্ত্রণে তিন দিনের সফরে শুক্রবার বাংলাদেশে পৌঁছান ভারতের সেনাপ্রধান। প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রোববার বিকালে ঢাকা ত্যাগ করেন তিনি।