২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 04:34 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

রোববার সকাল ১১থেকে ১২টা পর‌্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বাগেরহাট জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ ও মিরপুর সরকারি বাংলা কলেজসহ ঢাকায় বিভ্ন্নি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।

গত মঙ্গলবার সকালে পারাপারের সময় ৮০ জন যাত্রী নিয়ে পানগুছি নদীতে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় রোববার পর্যন্ত  নারী ও শিশুসহ ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের উন্নয়ন হচ্ছে।এই উন্নয়নের সাফল্য কামনা করছি।

“কিন্তু বাগেরহাটের পানগুছি নদী পারাপর হতে দুর্ঘটনায় পড়তে হয় এই এলাকার সাধারণ মানুষকে, প্রাণহানি ঘটেছে কয়েকবার। প্রাকৃতিক বৈরী আবহওয়া কারণে দুর্ঘটনা ঘটে থাকে। তাই এই এলাকার মানুষের পারাপার সুবিধার জন্য দ্রুত একটি সেতু নিমার্ণের দাবি জানাচ্ছি।”

পানগুছি নদীতে সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শরণখোলা থানার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, “এই দাবি শিক্ষার্থীদের নয়, এই দাবি তাদের যারা সিডরের মতো ভয়াবহ দুর্যোগপ্রবণ  এলাকার মানুষের। দ্রুত এই নদীতে সেতু নির্মাণের প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আকাশ তালুকদার ও মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্র শাহাদাৎ হোসেন প্রমুখ।