সৈয়দ আশরাফের স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থ স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যুক্তরাজ্য থেকে জার্মানির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
রোববার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংগঠনটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)
আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জেল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ থাকায় জরুরিভিত্তিতে গত সপ্তাহে যুক্তরাজ্য থেকে স্যারের স্ত্রীকে জার্মানি নেওয়া হয়।”
স্ত্রীর অসুস্থতার সংবাদ পেয়ে গত বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আশরাফ লন্ডন যান।
সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলাম বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।
