২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউর নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 01:24 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

শনিবার বিকালে আইপিইউ’র সভাপতি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী আইপিইউর নির্বাহী কমিটির সদস্যদের এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের বাংলাদেশে স্বাগত জানান।

প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে এ ধরনের একটি বড় সম্মেলন আয়োজনের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া আন্তরিকতা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

শেখ হাসিনা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করতে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান প্রেস সচিব।

আইপিইউ’র সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনাই সত্যিকারের বিজয়ী। তিনিই একমাত্র সরকার প্রধান, যিনি ২০০০ সালে এমডিজি স্বাক্ষরের সময় এবং ২০১৫ সালের এসডিজি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন।”

সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।