২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীবাজারে সড়কে ফাটল

গ্যাসের অতিরিক্ত চাপে ম্যানহোলের ঢাকনা ফেটে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার এক সড়কের বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 12:30 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

লক্ষ্মীবাজারের মিউনিসিপ্যাল রোড এলাকায় ভিক্টোরিয়া পার্ক থেকে মহানগরী মহিলা কলেজ পর্যন্ত ছয়টি জায়গায় এ ফাটল দেখা দেয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক সাজিয়া আফরিন জানান।

তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আধা ঘণ্টার বেশি সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহানগর মহিলা কলেজের ছাত্রী সুইটি আলীর বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় ফুটপাতের বেশ কয়েকটি দোকান ধসে পড়ে। ফাটলে পড়ে গিয়ে একটি বাসের টায়ার ফেটে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগেও গ্যাসের চাপে নানা ধরনের সমস্যা চোখে পড়েছে বলে জানান স্থানীয় হকার মাসুম বিল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস তিনেক আগে ম্যানহোলের গ্যাসের চাপে ড্রেন থেকে ময়লা উপচে পড়েছিল রাস্তায়। ম্যানহোল থেকে ধোঁয়া বের হচ্ছিল তখন।”

এবারের ফাটল বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।