২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর লেখা-বক্তৃতা-সাক্ষাৎকার নিয়ে বই ‘বাংলাদেশ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনে লেখা প্রবন্ধ, অনুষ্ঠানে দেওয়া বক্তৃতা, পত্রপত্রিকায় প্রকাশিত বিবৃতি, বাণী, সাক্ষাৎকার ও দুর্লভ সব ছবি নিয়ে ‘বাংলাদেশ‘নামে একটি বই প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 12:32 AM

Updated : 19 Aug 2022, 04:12 PM

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমি।

বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও সম্পাদনায় রয়েছেন বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই বইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক আরেফিন।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত ৫৫ বছরের জীবনের ৩৮ বছরই রাজনৈতিক জীবন। ছাত্র থাকাকালেই সাধারণ শিক্ষার্থীদের জন্য সংগ্রাম করেছেন। একাত্তরে সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে লড়ই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে ১৬ কোটি মানুষকে বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য বঙ্গবন্ধুকে জানতে হবে।

“আর বঙ্গবন্ধুর ‘বাংলাদেশ’ গ্রন্থটি তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষকে পথ নির্দেশ পেতে সহায়তা করবে।”

বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাদের জন্য বিরল সম্পদ। তিনি আমাদের মাঝে না থাকলেও যারা বঙ্গবন্ধু দর্শন ধারণ করে, তারা বঙ্গবন্ধুর প্রতিনিধিত্ব করে। বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে গবেষণা, রচনা নতুন প্রজন্মের জন্য অব্যাহত রাখতে হবে।”

বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত অন্যান্য বই থেকে ‘বাংলাদেশ’ বইটির নিজস্বতা তুলে ধরে তিনি বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে নিঃসন্দেহে অনেক বই-গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু এই বইটিতে বঙ্গবন্ধুর নিজের বাণী-বক্তৃতা সেই সময়ের পত্র-পত্রিকা থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ভায়া মিডিয়া ব্যবহার করা হয়নি এবং সকল তথ্য প্রাথমিক সূত্র থেকে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, বইটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের লেখা প্রবন্ধ, বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাৎকার ও কতিপয় দুর্লভ ছবির সংকলিত হয়েছে।

“তথ্য বহুল এবং ইতিহাস সমৃদ্ধ এই বইয়ে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর লেখা পাঁচটি প্রবন্ধ, ৫২৭টি বক্তৃতা-বিবৃতি, ৩২টি বাণী, ১৭টি নির্দেশ, তিনটি সাক্ষাৎকার, বহুধা উপাধিতে ভূষিত শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১২টি বিষয়, ১৭টি ঐতিহাসিক দলিলপত্র এবং ২২১টি বঙ্গবন্ধুর দুর্লভ ছবি।”

তিনি আরো বলেন, “২০০৭ সাল থেকে শুরু করে গত দশ বছর ধরে বিভিন্ন সূত্র ব্যবহার করে বইটির সম্পাদনা সম্পূর্ণ করা হয়েছে।

“এক্ষেত্রে পাঠকগণ বইটির মাধ্যমে নিজেকে সম্পূর্ণভাবে বঙ্গবন্ধুর সাথে সম্পৃক্ত করার পাশাপাশি বইটি বিভিন্ন গবেষণামূলক কাজে রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে পারবে।”

আরেফিন সিদ্দিক বলেন, ‘বাংলাদেশ’ বইটি যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও কথা। তাই তার নামে এবং তারই ৯৮তম জম্মদিনে ১৭ মার্চ ইতিমধ্যে বইটি প্রকাশ করা হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন খুব শীঘ্রই করা হবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।