আইপিইউ আলোচ্যসূচিতে ‘জঙ্গিবাদ দমনের কৌশল’
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জঙ্গিবাদ দমনে সরকারগুলোর পাশাপাশি পার্লামেন্টের ভূমিকা কী হওয়া উচিৎ- তা ঠিক করতে আলোচনায় বসছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকায় বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই সংগঠনের ১৩৬তম সম্মেলনের উদ্বোধন করবেন।
পাঁচদিনের এই সম্মেলনে বিভিন্ন দেশের ৪৫ জন স্পিকার, ৩৭ জন ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধির অংশ নেওয়া কথা।
ঢাকার এই সম্মেলনেই উগ্রবাদ দমনের কৌশল নিয়ে আলোচনা হবে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আইপিইউ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সংবাদ সম্মেলনে আইপিউর সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং বলেন, অসমতা ও বিচারহীনতাই বিশ্বব্যাপী সহিংস উগ্রবাদ বাড়ার অন্যতম কারণ। আইপিইউ এ বিষয়গুলো নিয়ে ঢাকার সম্মেলনে আলোচনা করবে।
সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ এখন বৈশ্বিক সমস্যার রূপ নিয়েছে। কেবল সামরিক কৌশল দিয়ে এর মোকাবেলা করা যাবে না।
“এর মূল কারণ খুঁজে বের করতে হবে। সরকারের গৃহীত কৌশলের পাশাপাশি পার্লামেন্ট মেম্বাররা কীভাবে এ নিয়ে কাজ করতে পার, সেই কৌশল ঠিক করতে আইপিউ নির্বাহী কমিটিতে আলোচনা হবে।”
সাবের বলেন, সংসদ সরকারের সম্প্রসারিত অংশ নয়। সরকারের বাইরেও সংসদের কাজ আছে। সেই বিষয়গুলো নিয়েই আইপিইউ কাজ করবে।
সম্মেলনে অংশ নিতে এরইমধ্যে ঢাকা পৌঁছাতে শুরু করেছেন অতিথিরা। শুক্রবার সকাল পর্যন্ত এক হাজার ৩৪৮ জন অতিথি ঢাকায় পৌঁছেছেন বলে আইপিইউ প্রেসিডেন্ট জানান।
অতিথিদের অভ্যর্থনা ও সাবলীল যাতায়াতে সহায়তা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংবাদ সম্মেলনে এই আয়োজনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ‘বড় অর্জন’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহতকরণ, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি চর্চার ক্ষেত্রে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশাল এই আয়োজনে সহযোগিতার জন্য স্পিকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।
বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দল এবারের সম্মেলনে অংশ নেবে বলে জানান তিনি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে এই প্রতিনিধি দলে সরকারি ও বিরোধী দলের পাশাপাশি স্বতন্ত্র ও নারী সংসদ সদস্যরা থাকছেন।
‘গ্রিন আইপিইউ অ্যাসেম্বলি’
আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, এবারই প্রথম বিশ্বের সবচেয়ে বড় এই সংসদীয় ফোরাম ‘গ্রিন অ্যাসেম্বলি’র আয়োজন করেছে।
তিনি বলেন, ৩ কিংবা ৪ এপ্রিল কার্বন ফুটপ্রিন্ট হিসাব করে সে অনুযায়ী ‘কার্বন নিউট্রাল’ করার ব্যবস্থা নেওয়া হবে।
“সম্মেলনে যত প্রতিনিধি আসছেন, তারা প্লেনে করছে আসছেন, এখানে অবস্থান করবেন। এসবের কারণে কার্বন নিঃসরণ হচ্ছে। এটার একটা ক্যালকুলেশন করে তা নিউট্রালাইজ করার পদক্ষেপ নেওয়া হবে। টেকসই উন্নয়নের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।”
সম্মেলনে কাগজের ব্যবহার কমাতে ‘আইপিউ১৩৬’ নামে একটি অ্যাপও বানানো হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই সাংসদ।
পরীক্ষার্থীদের যাতায়াতের সময় ভিআইপি নয়
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ৩ ও ৪ এপ্রিল সম্মেলনে আগত ‘ভিআইপি’দের যাতায়াতের সময়ে পরিবর্তন আনা বলে জানিয়েছেন সাবের।
“ওই দুইদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কোনো ভিআইপি মুভমেন্ট হবে না। পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে এই ব্যবস্থা।”
সম্মেলনে আইপিইউ টেলিভিশনের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
“বাংলাদেশে প্রথমবারের মত এই আয়োজনে কিছু লিগ্যাসি রেখে যেতে চাই। এবারই প্রথম আইপিইউ টেলিভিশন চালু করা হবে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধনের পর সবাই ইন্টারনেটে এটা দেখতে পারবে।”
২৫ মার্চ গণহত্যা দিবস নিয়ে বিশ্বব্যাপী জনমত তৈরিতে এবারের সম্মেলনে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে সাবের বলেন, এটা নির্ভর করছে বাংলাদেশের এমপিদের ওপর।
“তারা বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে আলোচনার সময় এ ব্যাপারে জনমত তৈরি করতে পারেন।”
জঙ্গি আস্তানায় অভিযান এবং সন্ত্রাসী হামলার কারণে সম্মেলন আয়োজনে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কী না- এমন প্রশ্নে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “এতবড় একটি সম্মেলন আয়োজন করা অনেক বড় চ্যালেঞ্জ। সমগ্র বিশ্বে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সেখানে আমরা সুষ্ঠুভাবে এটা করতে পারছি।
“আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের ধন্যবাদ। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা হয়নি। এই সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে এটা প্রমাণ হল- বাংলাদেশের সক্ষমতা আছে।”
সংসদের দক্ষিণ প্লাজায় শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠবে আইপিইউ সম্মেলনের। সেখানেই আইপিইউ সম্মেলন উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করা হবে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
