সুন্দরবন সংলগ্ন সীমান্তে বিজিবির ভাসমান বিওপি
সুন্দরবন এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
এর মাধ্যমে সীমান্তের ৩৮ কিলোমিটার এলাকা বিজিবির নজরদারীতে এসেছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার নীলডুমুর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে রায়মঙ্গল নদী ও আঠারোবেকি খালের সংযোগস্থলে ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, জলদস্যু দমন ও সুন্দরবনের সুরক্ষা নিশ্চিতে এটি স্থাপন করা প্রয়োজন ছিল।
“বিওপি স্থাপনের ফলে এ এলাকা দিয়ে নারী-শিশু পাচার রোধ করা যাবে। বন্ধ হবে চোরাচালান। এছাড়া সমুদ্র ও এর মোহনায় অবৈধ বিদেশি জাহাজ চলাচলও রোধ করা হবে।”
এর ফলে জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান আবুল হোসেন।
আঠারোবেকি খাল এলাকায় জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে জানিয়ে তিনি বলেন, “জলদস্যুরা এসে জেলেদের মাছ ও টাকা-পয়সা ছিনিয়ে নিত, তাদের অপহরণ করত। এ বিষয়টি এখন আর হবে না।”
এ বিওপিতে দুজন অফিসারসহ ৩৫ সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে।
২০১৩ সালে কাঁচিকাটা নামক স্থানে প্রথম ভাসমান বিওপি স্থাপন করা হয়। এই দুটি বিওপি স্থাপনের ফলে অরক্ষিত সীমান্ত এলাকায় নজরদারি বেড়েছে।
নদীপথে আরও প্রায় ২৬ কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, এসব এলাকায় আরও দুটি ভাসমান বিওপি স্থাপন করা হবে।
জঙ্গি দমন নিয়ে এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, “আমরা সতর্ক আছি। সীমান্ত এলাকা দিয়ে কেউ যেন অবৈধ প্রবেশ করতে এবং বের হতে না পারে, অবৈধ কোনো মালামাল দেশে প্রবেশ করাতে না পারে সে ব্যাপারে সতর্ক আছি।”
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
