২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে গিয়ে তদবির চলবে না: অর্থমন্ত্রী

রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশনে গিয়ে তদবির করতে নিষেধ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 12:14 AM

Updated : 11 Oct 2022, 01:42 PM

বুধবার রাজধানীতে দুদকের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের ৮৩ বছরের জীবনে কোনোদিন দুদক কার্যালয়ে তদবিরের জন্য যাননি জানিয়ে মুহিত বলেন, “দুর্নীতি দমন কমিশনে কোনো তদবির চলবে না।তাদের উপর কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করাও অত্যন্ত খারাপ।

“আমরা যারা সরকারে আছি, কাজ-কর্ম করি, রাজনীতিবিদ এবং সরকারি চাকরি করি, তাদের প্রত্যেকের একটা শপথ গ্রহণ করা উচিৎ, তাহল- আপনি দুর্নীতি দমন কমিশনে কখনও যাবেন না।”

বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি তুলে ধরে মুহিত বলেন, “এখন যে বেতন-ভাতা আছে, সেখানে কোনো ব্যক্তির দুর্নীতির প্রয়োজন নেই। যে লোকটি নিম্ন চাকরি করেন, সবচেয়ে কম সরকারি বেতন পায়, সেটাও ১৬ হাজার টাকার উপরে।

“আমার মনে হয় ১৬ হাজার টাকা দিয়ে কোনোরকম একটা সৎ জীবন-যাপন করা যায়। আমরা চেষ্টা করে সেই সুযোগটা করে দিতে পেরেছি।”

দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দুদকের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন অর্থমন্ত্রী।

“ভাল কাজ করব, দেশকে সবার উপরে রাখব, সত্য কথা বলব, অন্যায় অবিচার রুখব- এসব নীতিকথা অল্প বয়সে শিশুদের বোঝালে জীবনে তার পক্ষে অসৎ হওয়া কঠিন।”

শুধু বাংলাদেশই না, সারা পৃথিবীতে দুর্নীতি বেড়ে যাওয়ার চিত্র তুলে ধরে মুহিত বলেন, “এর কারণ হচ্ছে পৃথিবীতে মানবজাতির নিয়ন্ত্রণে যে সম্পদ আছে সেই সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। সম্পদ বাড়ার ফলেই বোধ হয় লোভ বেড়ে গেছে, সেই কারনে দুর্নীতিও প্রসারিত হচ্ছে।”

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানে দুদকের ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির’ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

২০১৭ সালে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা কমিটি নির্বাচিত হয়েছে নরসিংদী। সিলেট বিভাগে শ্রেষ্ঠ হয়েছে সিলেট জেলা এবং ময়মনসিংহ বিভাগে জামালপুর।

কমিটিগুলোর সভাপতির হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী মুহিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বক্তব্য রাখেন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মো. শামসুল আরেফিন এবং ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা।