রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জর্জিয়া, রোমানিয়া ও ইউক্রেনের অনাবাসী রাষ্ট্রদূত।
বুধবার বিকালে জর্জিয়ার দূত আর্চিল জুলিয়াসভিলি, রোমানিয়ার দূত রাদু অক্টাভিয়ান দোব্রে এবং ইউক্রেনের দূত ইগর পলিখা আলাদাভাবে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় তিনজনকে অভিনন্দন জানান।”
“রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ রাষ্ট্রদূতদের দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়। তিনি আশা করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।”
প্রেস সচিব জানান, বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ওষুধ, টেক্সাটাইল, সিরামিক পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাতসহ আন্তর্জাতিকমানের বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক বাড়াতে রাষ্ট্রদূতদের আহ্বান জানান।
দূতরা দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি প্রতিনিধি দল তাদের গার্ড অব অনার দেয়।
