২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানযাত্রীদের হাতে সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ

আইপিইউ সম্মেলনের বিদেশি অতিথিদের চলাচলের কারণে শুক্রবার শাহজালাল বিমানবন্দর সংলগ্ন সড়কে যান চলাচলের গতি ধীর হতে পারে বলে আগাম জানিয়ে বিমানযাত্রীদের হাতে সময় নিয়ে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 03:46 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

আগামী ১ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন। পাঁচ দিনের এ্ই সম্মেলনে ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সদস্যসহ ১৫ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন।

প্রতিনিধিদের অধিকাংশই শুক্রবার ঢাকায় পৌঁছাবেন এবং তাদের অভ্যর্থনা ও সাবলীল যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার ট্রাফিক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যান চলাচল কিছুটা ধীরগতি হতে পারে। তাই ডিএমপি’র পক্ষে সম্মানিত বিদেশগামী যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন বিলম্ব এড়িয়ে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে রওনা হন।”

আইপিইউ সম্মেলন ঘিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন হলে দর্শনার্থীদের প্রবেশ আগামী ১০ এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণ

১ এপ্রিল পর্যন্ত সম্মেলন চলাকালে বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) হতে মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া থেকে ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল বিআইসিসি ক্রসিং হতে গণভবন স্কুল দিয়ে প্রতিরক্ষা গ্যাপ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ জানায়।

এই সড়ক ব্যবহারকারীদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ হয়ে র‌্যাব-২ অফিসের সামনে দিয়ে আগারগাঁও সড়ককে বিকল্প সড়ক হিসাবে ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে ওই এলাকায় বসবাসকারী সরকারি-বেসরকারি দপ্তরে আসা গাড়িগুলো সড়কটি ব্যবহার করতে পারবে।

প্রতিরক্ষা গ্যাপ হতে গণভবন স্কুল দিয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলেও ডিএমপি জানিয়েছে।

এছাড়া জাহাঙ্গীর গেইট থেকে আসা গাড়িগুলোকে সম্মেলন চলাকালে আগারগাঁও লিংক রোড ব্যবহার করে বিআইসিসি ক্রসিং-এ প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় গাড়িগুলোকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

পুরনো খবর:

আইপিইউ সম্মেলন: বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা