কাঠমান্ডুতে চলছে বেঙ্গলের ‘আপহেভেলস’
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নেপালের ললিতপুরের পার্ক গ্যালারিতে চলছে আট শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী ‘আপহেভেলস’।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে শিল্পীরা চিত্রকর্ম, ভাস্কর্য আর নানা দৃশ্যকল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন স্বাধীনতা সংগ্রাম ও তার পরের ঘাত-প্রতিঘাত এবং সমসাময়িক বাংলাদেশকে।
রোববার নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস ও কাঠমান্ডু ত্রিবার্ষিকীর প্রতিষ্ঠাতা চেয়ার সঙ্গীতা থাপা যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী আটজন শিল্পী হচ্ছেন- ঢালী আল মামুন, শিশির ভট্টাচার্য, দিলারা বেগম জলি, মোস্তফা জামান, প্রমথেশ দাশ পুলক, রাজীব দত্ত, জিহান করিম ও মারজিয়া ফারহানা।
মোস্তফা জামান ও ঢালী আল মামুনের ছবিতে উঠে এসেছে ব্রিটিশ ও পাকিস্তান উপনিবেশ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধসহ ইতিহাসের নানা কালক্রম।
বাংলা ভাষা ও সাহিত্যের যে দারুণ রসবোধ ধারণের শক্তি রয়েছে, তা ফুটে উঠেছে রাজীব দত্তের ম্যুরালে। তার সিরিজ ছবির শিরোনাম ‘রমিজের দিনগুলি’।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিশির ভট্টাচার্যের ছবিগুলো খানিকটা প্যারোডি ধরনের। মুক্তিযুদ্ধপরবর্তী স্বাধীন দেশের উত্থান, অভ্যুত্থান, পাল্টা-অভ্যুত্থান এবং সেই সব ঘটনার মূল চরিত্রদের রঙ তুলিতে তুলে এনেছেন তিনি।
জিহান করিমের ভিডিও ডকুমেন্টেশনে মুখ্য হয়ে এসেছে মনুষ্যসৃষ্ট বিপর্যয় আর নগরায়নের বিরূপ প্রভাব।
মারজিয়া ফারহানা তার অ্যাক্রেলিকের ক্যানভাসে তুলে এনেছেন আধুনিক দিনযাপনে নাগরিকদের বিচিত্র অভিব্যক্তি।
প্রদর্শনীটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত চলবে বলে বেঙ্গল ফাউন্ডেশন জানিয়েছে।
