২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের মোদীর শুভেচ্ছা

স্বাধীনতার ৪৬তম বার্ষিকীতে বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়ে দেশের ‘দ্রুত উন্নতি’ কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

রোববার ভারতের প্রধানমন্ত্রী ‘মান কি বাত’ নামে জাতির উদ্দেশ্যে রেডিও ভাষণে ১৯৭১ সালে বাঙালির স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাও জানান।

তিনি বলেন, “আমি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে, ভারতে তাদের একজন ভাল বন্ধু আছে।

 

“ভারত কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সঙ্গে দাঁড়াবে। এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।”

২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।

২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের বেতারে তার এই ঘোষণা প্রচারিত হয়।

 

অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় বাঙালির অবিসংবাদিত এই নেতা বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

তিনি বাঙালি জাতিকে শত্রুর মোকাবিলা করার আহ্বান জানান। কার্যত সেটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, যার পথ ধরে কালরাতের পর শুরু হয় বাঙালির প্রতিরোধ পর্ব।

নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।