বিমানবন্দরে যাত্রীপিছু একের বেশি দর্শনার্থী নয়: কর্তৃপক্ষ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশগামী বা বিদেশফেরৎ যাত্রীদেরকে একজনের বেশি দর্শনার্থী না আনতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
দেশে জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে বিমানবন্দরের সামনের সড়কে বোমা বিস্ফোরণের ঘটনার পরদিন শনিবার এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আগামী ১-৫ এপ্রিল ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন সামনে রেখে বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে এটাকে ‘ইতিবাচক উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদুল ইসলাম জানান, শনিবার বিমানবন্দরের প্রবেশ পথে চেকপোস্টে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।
“বিমানবন্দর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফুটপাতে আর্চওয়ে বসানো হয়েছে। কেউ বিমানবন্দরে প্রবেশ করতে চাইলে তাকে তল্লাশি করা হচ্ছে।”
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর সড়কের সামনে গোলচত্বরের কাছে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়। তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগের মধ্যে আরও দুটি বোমা পাওয়া যায়।
ঘটনাটিকে ‘আত্মঘাতী হামলা’ দাবি করে আইএসের নামে দায় স্বীকারের বার্তা এলেও ডিএমপি পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলছেন, এটি কোনো হামলার ঘটনা নয়, ওই ব্যক্তি বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে।
