২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় দুই ঘণ্টা সড়ক অবরোধ, ব্যাপক যানজট

বিনা নোটিসে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকার রামপুরায় একটি গার্মেন্টের কর্মীরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2017, 09:57 AM

Updated : 11 Oct 2022, 01:39 PM

‘লিরিক ইন্ডাস্ট্রিজ’ নামের ওই পোশাক কারখানার কর্মীদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ থাকে।

অফিসযাত্রার সময়ে ঢাকার পূর্ব অংশের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় মালিবাগ থেকে বাড্ডা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

পোশাক শ্রমিক ও পুলিশের সঙ্গে গার্মেন্টকর্মীদের সংঘর্ষে আহত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে এসআই মনিরুল জামান খানসহ ৪ পুলিশ সদস্যও রয়েছে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোল্লা টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গত তিনদিন ধরেই তারা রাস্তায় নামার চেষ্টা করছিল। বারবার বুঝিয়ে তাদের আটকানো হয়েছে তখন। কিন্তু আজ সকালে তারা রাস্তায় নেমে পড়ে।”

স্থানীয়রা জানান, বুধবার সকালে ‘লিরিক ইন্ডাস্ট্রিজ শ্রমিক ইউনিয়ন’ ব্যানারে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় তারা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে দুই দিকের রাস্তা আটকে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে থাকা লিরিক গার্মেন্টের কর্মী নার্গিস বলেন, “আমাদের তিন মাসের বেতন না দিয়ে মালিক কারখানায় তালা ঝুলায়ে দিছে। গতকাল আমরা আইসা দেখি কারখানা বন্ধ, মালিক পালাইছে।”

ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিকদের অভিযোগের সত্যতা আছে। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। গতকাল তারা আসবে বলেছিল। কিন্তু আসেনি।”

এদিকে দিনের শুরুতেই রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজটে নাকাল হতে হয় অফিসমুখী যাত্রীদের।   

রামপুরা জোনের ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ডিআইটি রোডের ফ্লাইওভারের কাজের কারণে এমনিতেই যানজটের চাপ থাকে। আবার রাস্তার খানাখন্দ। অন্যদিকে বনশ্রী রাস্তায় বড় বড় গর্ত। সব মিলিয়ে বিকল্প পথেও যানবাহন দেওয়ার উপায় নেই।”

শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাতে কাজ না হওয়ায় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ লাঠিপেটায় কয়েকজন আহত হন বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রামপুরায় পুলিশের সঙ্গে গার্মেন্টকর্মীদের সংঘর্ষে আহত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের এসআই মনিরুল জামান খানসহ ৪ পুলিশ সদস্যও রয়েছে।

আহত গার্মেন্টকর্মীরা হলেন- রহিমা (৩৫), শিউলি (৩০), নার্গিস (২৪), ঝর্না (২৫), শাহিদা (৩৫) ও রাসেল (২৪)।

বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গার্মেন্ট কর্মীরা ছররা গুলিতে এবং পুলিশ সদস্যরা ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন।”

জটে আটকে থাকা এক গাড়ির চালক সোহেল জানান, পুলিশ ধাওয়া দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট ছুড়তে শুরু করে। এ সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।