২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আব্দুল হাই

হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল হাইকে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2017, 02:45 PM

Updated : 19 Aug 2022, 04:05 PM

অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে আব্দুল হাইকে আগামী দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা গত ৭ জুলাই অবসরে যাওয়ার পর থেকে পদটি ফাঁকা ছিল।

নতুন চেয়ারম্যান হিসেবে আব্দুল হাইয়ের চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে এই নিয়োগ।

১৯৭০ সালে শ্রম আপিল ট্রাইব্যুনাল গঠনের পর থেকে হাই কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এর সদস্য হিসেবে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ শ্রম আইন সংশোধন করে ২০০৬ সালে সরকার শ্রম আপিল ট্রাইব্যুনালে চেয়ারম্যানের পদ সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টারের মেয়াদ বাড়ল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইংরেজি দৈনিক নিউ এজ এর চিফ এডিটর (ডিপ্লামেটিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স) থাকাকালে ২০১৪ সালের ১৬ অক্টোবর দুই বছরের চুক্তিতে প্রেস মিনিস্টার নিয়োগ পান শামীম।

শামীমের চুক্তির মেয়াদ বাড়ায় আগের নিয়োগের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।