২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা থাকলেই নির্মাতা হওয়া যায় না: ফেরদৌসী মজুমদার

তরুণ প্রজন্মের নাট্যকারদের আরও বেশি অভিজ্ঞতা সঞ্চয়ের আহ্বান জানিয়ে অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বলেন, “টাকা থাকলেই নির্মাতা হওয়া যায় না, নির্মাতা হতে হলে জ্ঞানের সঙ্গে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে- যা অনেকেই ভুলে যায়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2017, 10:11 PM

Updated : 11 Apr 2022, 11:13 PM

শনিবার বিকালে রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’ উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি।

‘এক ঘণ্টার কাহিনিচিত্র, বেঁচে থাকুক যুগ যুগ ধরে’ প্রতিপাদ্যে ছয় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে চারুনীড়ম ইনস্টিটিউট।

উদ্বোধনীতে ফেরদৌসী মজুমদার বলেন,  “ধারাবাহিক নাটকে অভিনয় করলেও, এটি খুব একটা পছন্দের নয়। কারণ এটি এতই দীর্ঘ হয়, শেষ পর্যন্ত কাহিনির বিষয়বস্তু স্থির থাকে না। সেক্ষেত্রে এক ঘণ্টার নাটক নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় এবং দর্শক নতুন গল্প জানতে পারে।

“নতুন যারা নাটক নির্মাণ করছেন, তাদের বলতে চাই, জোর করে যেন নাটক বানানো না হয়।”

উদ্বোধন শেষে দুইটি এক ঘণ্টার নাটক প্রদর্শিত হয়। এগুলো হলো- আকতারুজ্জামানের কাহিনী ও চিত্রনাট্যে এবং গাজী রাকায়েতের পরিচালনায় ‘মধু গাছ’ এবং হাসান আজিজুল হকের কাহিনি ও বদরুল আলম সৌদের চিত্রনাট্য ও পরিচালনায় ‘মন তার শঙ্খিনী’।

উদ্বোধনীতে চারুনীড়ম ইনস্টিটিউটের পরিচালক গাজী রাকায়েতের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন নাট্যাভিনেতা আমিরুল হক চৌধুরী ও চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চারটি করে এক ঘণ্টার নাটক প্রদর্শিত হবে। আগামী ২৩ মার্চ উৎসবের শেষ দিন।

হাসান আরিফের একক আবৃত্তি সন্ধ্যা

শনিবার সন্ধ্যায় ‘মুক্তিযুদ্ধ নিরন্তর’ শিরোনামে হাসান আরিফের একক আবৃত্তির সন্ধ্যার আয়োজন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ আবৃত্তি সন্ধ্যার শুরুতে হাসান আরিফের জীবনী পাঠ করেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুণ্ডু।

পুরো আয়োজন ছিল একটি গল্প। অনুষ্ঠানের শুরুতে বিশ্বমানব ও নিজের জন্য প্রার্থনা দিয়ে শুরু করেন হাসান আরিফ। রবীন্দ্র রচনা থেকে পাঠ করে তিনি এ প্রার্থনা পর্ব শেষ করেন। এর পর ছিল ‘দেশ বন্দনা’। যাতে তিনি পাঠ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’, কাজী নজরুল ইসলামের ‘নম নম বাংলাদেশ নম’, প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’, হুমায়ূন আজাদের ‘শুভেচ্ছা’ কবিতাগুলো।

এরপরের আয়োজনে ছিল ‘আত্মপরিচয়’, যার মধ্যে ছিল তারাপদ রায়ের ‘একেকটা দিন’ ও ‘কয়েকটা দিন’, মীর মাসরুর জামানের ‘সূচিপত্র’ ও নির্মলেন্দু গুণের ‘কোনো কোনো দিন প্রিয় হয়ে উঠে’।

এরপর ‘বাঙালি জাতির আত্মপরিচয়’ শিরোনামের আয়োজনের শুরুতেই পাঠ করেন কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’। এর পর পাঠ করেন কবিতা সিংহের ‘মুজিব ভাই’, সাধু উন্মেষ দাশের ‘ইয়াহিয়া খানের তাণ্ডব নৃত্য’, আনিসুল হকের ‘মানুষ জাতভেদ’, সোহেল আনোয়ারের ‘এখনও একাত্তর’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এক গাঁয়ে’, কাজী নজরুল ইসলামের ‘আমি হব সকাল বেলার পাখি’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘কোনোএক মাকে’, মুস্তাফা আনোয়ারের ‘বৈশাখে রুদ্র জামা’, শুভ দাসগুপ্তের ‘রাত বেড়েছে’।

নারী নির্যাতন বন্ধের দাবিতে হাসান আরিফ পাঠ করেন, ‘চিৎকার করো মেয়ে, দেখি কতদূর বলা যায়’।

ছোট্ট একটি পর্ব ছিল ‘বসন্তে বন্ধু হারানোর বেদনা, আবার বসন্তে জেগে উঠার কথা’। এতে সদ্য প্রয়াত লোকসঙ্গীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে উৎসর্গ করে তিনি পাঠ করেন শ্রীজাতের লেখা দুইটি কবিতা ‘মৃত্যুকে কেবল মিথ্যে হোক’ ও ‘জলের উপর পানি, না পানির উপর জল।’

শিমুল মোহাম্মদের ‘একাত্তরে তখন আমি অনেক ছোট’ পাঠের মধ্য দিয়ে নিজের পরিবেশনা শেষ করেন হাসান আরিফ। পুরো আয়োজনে তার কবিতার সঙ্গে বাঁশি বাজান মর্তুজা কবির মুরাদ ও কি-বোর্ডে ছিলেন সুনীল দে।

উদীচীর জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা

‘অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা’র ঢাকা বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

উদীচীর আয়োজনে এই গণসংগীত উৎসব ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে আগামী ২৮ মার্চ।

শনিবার প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় পর্ব শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে শুরু হয়।

বিভাগীয় পর্যায়ের বিজয়ীরারা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।