২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগর পরিকল্পনায় বস্তিবাসীদের অন্তর্ভুক্ত করার দাবি

রাজধানীর উন্নয়ন পরিকল্পনায় নিম্ন আয়ের বস্তিবাসীদেরও রাখা জরুরি বলে মত এসেছে এক সেমিনার থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2017, 09:16 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

শনিবার রাজধানী ব্র্যাক সেন্টারে ‘অন্তর্ভুক্তিমূলক নগর: জীবিকা ও আশ্রয়ের অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট আয়োজিত এই সম্মেলনে তারা বলছেন, বস্তিবাসীরা নগরের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে রাজধানীর উন্নয়ন সম্ভব নয়। তাই রাজধানীর উন্নয়ন পরিকল্পনায় নিম্ন আয়ের বস্তিবাসীদেরও রাখা জরুরি।

সম্মেলনে স্থপতি ইকবাল হাবিব অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত শুধু সবলদের জন্য নগর গড়া হয়েছে। সবার চিন্তা করা হয়নি।

“স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অন্তত ঢাকা শহরে ইনক্লুসিভ মানসিকতায় আবাসনের জন্য কোনো নীতিমালা, কার্যকর কোনো উদ্যোগ বা প্রকল্প একটিও নেওয়া হয়নি। নগরায়নের পরিকল্পনায় তাদেরকে রাখা হয়নি।”

নগর উন্নয়নে নিয়োজিত সংস্থাগুলো গরীবদের জমি নিয়ে বড়লোককে আরও বড়লোক হওয়ার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন এই নগরবিদ।

“সরকারের বিভিন্ন আবাসন প্রকল্পের জন্য খুবই কম দামে আমরা জমি কিনছি। সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট করে দিচ্ছি। ৪ লাখ ৫ লাখ টাকা করে জমি দিয়ে কিছু মানুষকে আমরা ধনী হওয়ার চিরকূট দিচ্ছি। সেই ৫ লাখ টাকা হাত নিয়ে তিনি পরের দিন প্রায় ৭০ লাখ টাকা দলিলমূল্য ধরে তিনি তা বিক্রি করে দিচ্ছেন।”

সরকারি খাস জমিগুলো ব্যবহারের আওতায় আনতে পারলে নিম্ন আয়ের লোকদের আবাসন ব্যবস্থা করা সম্ভব হতো বলে মনে করেন স্থপতি মোবাশ্বের হোসেন।

তিনি বলেন, “কিন্তু খাস জমির কাছেও গরীবরা যেতে পারে না। কেউ গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করবে। ১ লাখ টাকা দিবে আর ৯৯ বছরের জন্য বিশ বিঘা জমি ব্যবহার করবে।”

রাজধানীতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষদের চাপ কমাতে রাজধানীর সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন মোবাশ্বের। 

“রাজধানীতে বস্তিবাসী দুই ধরনের- ভূমিহীন বস্তিবাসী এবং রোজগারের জন্য শহরে আসা লোকজন। আমরা যদি সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক করে গড়ে তুলতে পারি, তাহলে যারা জীবিকার জন্য ঢাকায় আসে, তাদের একটা অংশ প্রতিদিন শহরে এসে কাজ করবে এবং কাজ শেষে যার যার বাড়িতে ফিরে যাবে। এভাবে শহরে বস্তিবাসীর সংখ্যা ঢাকায় কমে যাবে।”

আইনি প্রক্রিয়ায় উচ্ছেদ করতে না পেরে কড়াইল বস্তিতে আগুন লাগানো হচ্ছে বলে অভিযোগ করেন নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।

তিনি বলেন, “কড়াইল বস্তিতে আড়াই মাসের মাথায় আমাদের দুই বার উচ্ছেদের চেষ্টা করা হয়েছে।

“কয়দিন পরপর সেখানে আগুন লাগছে। এতে আমরা কী ধরে নেব? সাংগঠনিকভাবে উচ্ছেদ করতে পারছে না বলেই অগ্নিকাণ্ডের বিষয়গুলো আসছে।”

নগরের উচ্চবিত্ত শ্রেণির প্রয়োজনেই বস্তিবাসীদের ঢাকায় নিয়ে আসা হয়েছে মন্তব্য করে বস্তিবাসীদের আবাসনের ব্যবস্থাও সরকারকে করে দেওয়ার দাবি জানান ফাতেমা আক্তার।

“কল কারখানা সবই ঢাকায়। গার্মেন্টস কারখানাগুলোও ঢাকায় করা হয়েছে। তাদের এসব কারখানা চালু রাখার জন্যই বস্তিবাসীরা ঢাকায় এসেছে। এজন্য সরকারসহ সবার উচিত বস্তিবাসীদের থাকার জায়গার ব্যবস্থা করা।”

জাতীয় সম্মেলনে বক্তারা দরিদ্র জনগোষ্ঠীর বাসস্থান ও জীবনধারণের অধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করার সুপারিশ করেন। এছাড়া বিকল্প আবাসন ব্যবস্থা করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া, নগরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুনর্বাসন প্রকল্প নেওয়া এবং তাদের জন্য আবাসনের ব্যবস্থায় জাতীয় নীতিমালা তৈরির সুপারিশ করেন বক্তারা।

সম্মেলনে ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র, রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।