কোকোর শ্বশুরের মৃত্যু
খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর এম এইচ হাসান রাজা মারা গেছেন।
শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় এই প্রকৌশলীর। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অসুস্থ অবস্থায় গত ১৩ মার্চ ধরে গুলশানের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসান রাজা। বেয়াইকে চার দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও দেখে এসেছিলেন।
হাসান রাজাকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া (১৪ মার্চের ছবি)
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিডনি রোগে ভুগছিলেন তিনি (হাসান রাজা)। আজ বেলা ১২টার দিকে তিনি মারা যান।”
কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি দুই মেয়ে নিয়ে লন্ডন থেকে দেশে ফেরার পর হাসান রাজার দাফন হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার আগ পর্যন্ত লাশ থাকবে হিমঘরে।
মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে এখন লন্ডনে রয়েছেন সিঁথি।
কোকোর ভাই তারেক রহমানও রয়েছেন সেখানে। কোকোর মতো তিনিও আদালতের দণ্ড নিয়ে বিদেশে রয়েছেন।
ডিআইটির প্রকৌশলী হাসান রাজা স্ত্রী মুখলেমা রাজা, মেয়ে সিঁথি ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
