অসুস্থ বেয়াইকে দেখতে হাসপাতালে খালেদা
কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বেয়াই প্রকৌশলী এম এইচ হাসান রাজাকে দেখে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর হাসান রাজা সোমবার থেকে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার রাতে তাকে দেখতে যান খালেদা।
তিনি চিকিৎসকদের কাছ থেকে হাসান রাজার চিকিৎসার খোঁজ-খবর নেন। কোকোর শাশুড়ি মুখলেমা রাজাসহ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে তার বড় বোন সেলিনা হোসেন, বিএনপির চিকিৎসক নেতা এ জেড এম জাহিদ হোসেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, ফাওয়াজ হোসেন শুভ, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান ছিলেন।
এর আগে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অসুস্থ হাসান রাজাকে দেখতে হাসপাতালে যান।
কোকো ৪৫ বছর বয়সে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে স্ত্রী শামিলা রহমান সিঁথি এখন লন্ডনে রয়েছেন।
