২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ বছরেও গতিহীন কমিশনার বীনা হত্যার বিচার

পুরান ঢাকার ওয়ার্ড কমিশনার বিনয় কৃষ্ণ সরকার বীনা হত্যার বিচার হয়নি ১৫ বছরেও, যদিও এক দশক আগে মামলাটি যায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 09:58 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

হাই কোর্টের স্থগিতাদেশে ঝুলে যায় এই বিচার কার্যক্রম, সেই বাধা দেড় বছর আগে উঠলেও সংশ্লিষ্ট আদালতে নথি পৌঁছাতে লেগে যায় প্রায় দেড় বছর।

এরপর মামলা সচল হলেও সাক্ষীর অভাবে এখন তা কার্যত গতিহীন। মামলার বাদী নিহতের স্ত্রী সারিকা সরকারও আসছেন না সাক্ষ্য দিতে। তার ঠিকানায় গিয়ে তাকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ শামসুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক কার্যক্রমের উপর ‘বিভিন্ন রকমের জটিলতার’ কারণে মামলাটির বিচার কাজ থমকে যায়।

“এখন বাদী সারিকার অনুপস্থিতিতে তার সাক্ষ্যের অভাবে মামলা প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। কিন্তু এ পরিস্থিতিতে তার আত্মীয়-স্বজনকে দিয়ে এই শূন্যতা পূরণের চেষ্টা করব।”

অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী মো. সাহাবুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার বিচার পুনরায় চালু করার জন্য হাই কোর্টের আদেশ ডেসপ্যাচ বিভাগে (হাই কোর্ট) দেড় বছর পড়ে ছিল। এর দায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এড়াতে পারে না।”

২০০২ সালের ২২ মে সন্ধ্যায় পুরান ঢাকার ঝুলন বাড়ি লেনে বিএনপি নেতা ও ৭২ নম্বর ওয়ার্ড কমিশনার বীনাকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী।

এ ঘটনায় সারিকা সরকার বাদী হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সে সময় আলোচিত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৬ সালের ১ মার্চ ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

একজন আসামির রিট আবেদনের প্রেক্ষাপটে হাই কোর্টের আদেশে ২০০৬ সালের এপ্রিলে মামলার বিচার কাজ আটকে যায়। এরপর ২০১৫ সালের ২৯ এপ্রিল উচ্চ আদালতের ওই স্থগিতাদেশ উঠে গেলেও সেই নথিপত্র প্রায় দেড় বছর পড়ে থাকে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায়। নথি যাওয়ার পর গত ২৫ জানুয়ারি মামলাটি ফের এই ট্রাইব্যুনালে চালু হয়।

এখন সাক্ষীর অভাবে মামলার বিচার কাজ এগোচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মামলার নথিপত্র ঘেটে দেখা যায়, এরমধ্যে সাক্ষীদের হাজির হতে সাতটি তারিখে সমন ও অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু ওই সাত তারিখে সাক্ষী পাওয়া গেছে মাত্র দুজন।

গত মঙ্গলবার স্থানীয় যুবলীগ নেতা কাজী মজিবুল্লাহ এবং গত ৬ মার্চ রামপ্রসাদ পাল নামে দুজন আদালতে সাক্ষ্য দেন। কিন্তু আসামিদের বিরুদ্ধে তারা কোনো বক্তব্য না দেওয়ায় ওই দুই সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি জানায় আসামিপক্ষ।

মামলার মোট ২৬ জন আসামির মধ্যে অন্যতম আসামি ‘ডাকাত’ সহিদ কয়েক বছর আগে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সুভাস বোস এভিনিউয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। কিন্তু তার মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কোনো প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হয়নি।

মামলার নথিপত্রে সহিদকে কারাবন্দি হিসেবে দেখানো হচ্ছে। অভিযুক্ত অপর নয় আসামির মধ্যে কারাগারে আছেন পাঁচজন, জামিন চারজন।

জামিনে থাকা আসামিরা হলেন- মোশারফ হোসেন রিপন, মাসুদ রানা, মোহাম্মদ রানা ও মোহাম্মদ আওরঙ্গজেব।

আর কারাগারে আছেন- রণজিৎ চন্দ্র নন্দী, রাশেদ আহমেদ ভুট্টো, গুড্ডু ওরফে শামীম, জাকির হোসেন ও আসিফ আহমেদ সজীব।

এই ১০ আসামির বিরুদ্ধে ২০০৪ সালের ১৯ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরের বছর ৭ সেপ্টেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠন হয়। পরের বছর ১ মার্চ বিচারের জন্য মামলাটি আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

কমিশনার বীনা নিহতের পর তার জায়গায় নির্বাচিত কমিশনার সারিকা সরকার থাকতেন পুরান ঢাকার ৮/১ নম্বর প্রসন্ন পোদ্দার লেনে।

কোতয়ালি থানার এসআই মো. সালাউদ্দিন আদালতে প্রতিবেদন জমা দিয়ে বলেছেন, সারিকা ওই বাড়িতে আর থাকেন না বলে তাকে প্রতিবেশীরা জানিয়েছেন।

পেশকার কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার বাদী সারিকা সরকার ভারত চলে গেছেন বলে তিনি খবর পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এই আদালতের অপর এক কর্মী বলেন, হাই কোটের আদেশে মামলার বিচার দীর্ঘ দিন ঝুলে থাকায় ‘হতাশ’ হয়ে দেশ ছাড়েন সারিকা।