শিক্ষা-মানবিক ভাবনা নিয়ে ছায়ানটে শিশুদের প্রদর্শনী
ছায়ানট প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের শিক্ষা ও মানবিকতার ভাবনা নিয়ে ছায়ানট ভবনে শুরু হয়েছে শিশুদের বিশেষ প্রদর্শনী।
ওয়াহিদুল হকের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানটের অঙ্গসংগঠন নালন্দা ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’ শিরোনামে শুরু করেছে পাঁচ দিনের উৎসব।
বৃহস্পতিবার শিশুদের এই প্রদর্শনীর মাধ্যমের শুরু হল সেই আয়োজন; উদ্বোধন করেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন ছায়ানটের প্রধান নির্বাহী সিদ্দিক বেলাল, নালন্দার অধ্যক্ষ মোমেনা বেগমসহ অন্যরা।
উদ্বোধনী পর্বে ছিল শিশুদের সঙ্গীত পরিবেশনা। তারা পরিবেশন করে -‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া’, ‘আলোকের এই ঝর্ণাধারায়’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী’।
“ওয়াহিদুল হক বাঙ্গালি হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আজীবন মানুষ গড়েছেন, সংঘবদ্ধ করেছেন, পথ দেখিয়েছেন সংস্কৃতির। ছায়ানটসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলায় অগ্রগণ্য ব্যক্তি তিনি।”
সিদ্দিক বেলাল বললেন, “ওয়াহিদুল হকের শিক্ষা ভাবনা নিয়েই নালন্দার জন্ম। সে জন্যই মানুষটাকে সামনে না এনে, তার চিন্তাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানমালার আয়োজন।”
এতে ধাপে ধাপে উঠে এসেছে মানব সভ্যতার ক্রমবিকাশ; সেখানে খুঁজে পাওয়া যায় সিন্ধু সভ্যতা থেকে শুরু করে ফিনিশীয় সভ্যতা, প্রস্তর যুগ, তাম্র যুগ, মায়ান সভ্যতা, ইউরোপের ইতিহাস বদলে দেয়া ফরাসি বিপ্লব প্রভৃতি।
এছাড়া রয়েছে শিশুদের শিক্ষা ভাবনা ও সাবেক শিক্ষার্থীদের স্কুল নিয়ে স্মৃতিচারণা। এছাড়া শিশুদের তৈরি ফুলদানি, পেন্সিল বক্স, ডায়েরিসহ নান ধরনের পণ্যের প্রদর্শনী রয়েছে।
উৎসবের অংশ হিসাবে শুক্রবার রয়েছে সঙ্গীতানুষ্ঠান। শনিবার সন্ধ্যায় রয়েছে কণ্ঠশীলনের আবৃত্তি আয়োজন। এছাড়া ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকালে নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে ওয়াহিদুল হকের জন্মদিন উপলক্ষে।
শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যায় হয়ে গেল ভারতের গণসঙ্গীতশিল্পী শুভপ্রসাদ নন্দীর একক সংগীত সন্ধ্যা।
এ সংগীত সন্ধ্যায় তিনি গণসঙ্গীতের পাশাপাশি লোকগান, রবীন্দ্রসহ নানা আঙ্গিকের গান পরিবেশন করেন। গানের মাঝে কথনে স্মরণ করেছেন সদ্যপ্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।
‘ওপার বাংলার গান’ শিরোনামে ছিল শুভপ্রসাদ নন্দী মজুমদারের এ একক সঙ্গীতানুষ্ঠান।
পেশায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভপ্রসাদ নন্দী মজুমদার প্রগতিশীল গণ-সাংস্কৃতিক আন্দোলনেও জড়িত রয়েছেন।
যশোরে জাতীয় লিটল ম্যাগাজিন মেলা
‘আমরা ভাঙি গড়ব বলে’- প্রতিপাদ্যে জাতীয় লিটল ম্যাগাজিন মেলা উদযাপন পর্ষদের আয়োজনে শুক্রবার যশোরে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘জাতীয় লিটল ম্যাগাজিন মেলা’।
যশোরের প্রাচ্য সংঘে এ মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী।
দুই দিনব্যাপী এ লিটল ম্যাগাজিন মেলায় সারা দেশ থেকে প্রকাশিত ৭৫টি লিটল ম্যাগাজিন সম্পাদক, প্রকাশক, লেখক ও কর্মীরা অংশ নিচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা থেকে আগত লিটলম্যাগ সম্পাদকরাও এতে অংশ নেবেন বলে কথা রয়েছে।
এবারের মেলায় লিটল ম্যাগ ‘শব্দ’ সম্পাদক কবি সরোজ দেবকে সম্মাননা প্রদান করা হবে। শনিবার শেষ হবে দুই দিনের এই মেলা।
