২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল মা-ছেলের ৮ বছরের জমানো সম্বল

রাজধানীর কড়াইল বস্তিতে গভীর রাতের আগুনে চারদিকের মানুষের আর্ত চিৎকারে ঘুম থেকে জেগে দৌড়ে নিরাপদে আসতে পারলেও ঘরে থাকা সুঁই-সুতোও রক্ষা হয়নি পঞ্চাশোর্ধ জরিনা বেগমের।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 04:24 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

পোশাক কারখানায় কাজ করা একমাত্র ছেলে মামুনকে নিয়ে বস্তির এক ঘরে থাকতেন স্বামীহারা শেরপুরের এই নারী।

বুধবার গভীর রাতের ওই আগুনে সব হারিয়ে আশ্রয়হীন এ মা-ছেলে বৃহস্পতিবার দুপুরে ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে বিলাপ করছিলেন।

পরনের কাপড় ও ছেলের মোবাইল ফোনটি ছাড়া তাদের আর কিছু বাকি নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জরিনা।

সঙ্গে নিয়ে আসতে পারা ওই ফোনেই প্রৌঢ়া এ নারীকে আমিনুল নামে নিজের বোনের এক ছেলেকে সাহায্যের জন্য টাকা-পয়সা নিয়ে আসার তাড়া দিতে দেখা যায়।

পেশায় রিকশাচালক ওই ভাগ্নের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “তুই আয় বাবা, খাওয়া-দাওয়া কিচ্ছু নাই, তুই আইয়া পড়; তাড়াতাড়ি আয় বাবা, ট্যাহা-পয়সা নিয়া আইস বাবা, খাওনের অবস্থা নাই।

“খাওনের কিচ্ছু নাই, কই যামু, কই খামু, কিচ্ছু নাই; তাড়াতাড়ি আয় বাবা, এক্ষুনি আয়।”

গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কড়াইল বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস।

বুধবার রাত পৌনে ৩টার দিকে বস্তিটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো লাগা এবারের আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

আট বছর ধরে কড়াইল বস্তিতে থাকেন বলে ঘাটপাড় এলাকার মহাখালী-গুলশান রোডের ফুটপাতে বসে বিলাপ করে বলছিলেন জরিনা।

বিলাপে মা-ছেলের হাঁড়ভাঙা খাটুনির কঠিন দিনের কথা বলে চলেন এ নারী।

“মাইনষের বাড়ি বাড়ি কাম করি, মাঝে মইদ্যে (ফাকে ফাকে) ইট ভাইঙা রোজগার করি। পোলায় একটা গার্মেন্টসে কাম করে। মা-পোলায় কষ্ট কইরা টেহা জমাইতাম; আট বছরের জমাইন্না সব টেহা এক রাইতের আগুনে পুইড়া ছাই অইয়া গেছে।”

জমানো টাকায় গ্রামের ভিটাতে জরিনার একটা ঘর বানানোর ইচ্ছা ছিল বলে জানান তার ছেলে পোশাককর্মী মামুন।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মায়ের ইচ্ছা আছিল, আর কিছু টেকা জমাইতে পারলে গ্রামের ভিটায় একটা ঘর করার, কিন্তু হেই আশা ভাইঙা গেসে; আমরার থাহন-খাওনের কোনো সম্বল নাই।”