২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নাইকো মামলা: দুদকের আবেদন মুলতবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় হাই কোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 12:33 PM

Updated : 11 Apr 2022, 11:12 PM

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

পরে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “আমরা হাই কোর্টের আদেশটা এখনো পাইনি। তাই সময়ের করেছি। সে আবেদনের প্রেক্ষিতে আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছে।”

বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচার মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ গত ৭ মার্চ খালেদার নাইকো মামলা স্থগিতের আদেশ দেয়।

ওই আদেশ স্থগিত চেয়ে দুদকের আবেদনে সাড়া দিয়ে গত ১২ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তা বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলার আরেক আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিষয়ে যে রুল শুনানি চলছে, তা শেষ না হওয়া পর্যন্ত খালেদার মামলার কার্যক্রমও স্থগিত থাকবে বলে হাই কোর্ট জানিয়েছে।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।

পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয় সেখানে।

এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্স্’র সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর মধ্যে মওদুদের মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করে গত ১ ডিসেম্বর রুল দেয় হাই কোর্ট।

তার আইনজীবীরা জানান, নাইকো-বাপেক্স ও পেট্রো বাংলার মধ্যে চুক্তিতে দুর্নীতির বিষয়টি ওয়াশিংটনের একটি সালিশী আদালতে বিচারাধীন। চলতি বছর ১৯ জুলাই সালিশী আদালত এক আদেশে সেখানে বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত রাখতে বলে।

হাই কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর তার বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। এর শুনানি করে আপিল বিভাগ ১৯ জানুয়ারির মধ্যে রুল নিস্পত্তির নির্দেশ দেয়।বর্তমানে বিচারপতি শেখ আবদুল আওয়ালের বেঞ্চে ওই রুলের শুনানি চলছে।

মওদুদের মত একই যুক্তিতে খালেদা জিয়াও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাই কোর্টে আবেদন করে স্থগিতাদেশ পেয়েছেন।