ভিসি আরেফিনকে ভিসি হারুনের হুমকি
জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এক মন্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’-মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন মন্তব্য করেন বলে বুধবার বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে এর স্বপক্ষে প্রমাণ চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রমাণ না দিতে পারলে উপাচার্য আরেফিন সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশসহ যাবতীয় কাজ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সম্পন্ন হচ্ছে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে ফল প্রকাশের প্রশ্নই ওঠে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘খাতা না দেখেই চূড়ান্ত ফল দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়’ মর্মে যে মন্তব্য করেছেন, সে সম্বন্ধে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি।”
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিককে তার বক্তব্যের সমর্থনে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য চ্যালেঞ্জ দেওয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন-অর-রশিদও ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক নীল দলের সদস্য।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক আরেফিন সিদ্দিককে উপাচার্য এবং তার সঙ্গে হারুন-অর-রশিদকে উপ-উপাচার্য নিয়োগ করা হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে কারা নির্যাতিত অধ্যাপক হারুন খুব বেশি দিন ওই দায়িত্বে থাকেননি। সেখান থেকে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন তিনি।
