২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কারাগারের রোজনামচায়’ বঙ্গবন্ধুর কারা স্মৃতি

জেলখানায় বন্দি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দিনলিপি নিয়ে ‘কারাগারের রোজনামচা’ আসছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 10:36 PM

Updated : 11 Oct 2022, 01:37 PM

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী শুক্রবার বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে।

বুধবার সন্ধ্যায় গণভবনে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার হাতে ৩৩২ পৃষ্ঠার বইটি হস্তান্তর করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বাংলা একাডেমি এ বইটি প্রকাশ করেছে।

১৯৬৬ সালে তৎকালীন পূর্ব বাংলার (বাংলাদেশ) স্বাধীকারের দাবি ছয় দফা দেওয়ার পর শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে উপনিবেশিক পাকিস্তান সরকার। ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে বন্দি থাকার সময় তিনি যে দিনলিপি লিখেছেন তা নিয়েই সাজানো হয়েছে ‘কারাগারের রোজনামচা’।

বইটি প্রকাশের জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বঙ্গবন্ধুর দিনলিপির খাতা উদ্ধার করা এবং দীর্ঘদিন ধরে তা সংরক্ষণের কথাও উল্লেখ করেন তিনি।

শামসুজ্জামান খান সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধুর লেখায় জেলখানার ভেতরের জীবনের বিস্তারিত বর্ণনা রয়েছে। বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতার দিনিলিপিতে এত বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না।”

বইয়ের ভূমিকায় শেখ হাসিনা লিখেছেন, “কারাগারের রোজনামচা পড়ার সময় জেলখানা সম্পর্কে পাঠকের একটা ধারণা হবে। আর এই লেখার মধ্য দিয়ে জেলের জীবনযাপন ও কয়েদিদের অনেক অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিল তা জানা যাবে।”

১৯৬৮ সাল পর্যন্ত লেখাগুলো এ বইয়ে স্থান পেয়েছে উল্লেখ করে শেখ হাসিনা লিখেছেন, “বাংলার মানুষ যে স্বাধীন হবে এ আত্মবিশ্বাস বার বার তার লেখায় ফুটে উঠেছে। এত আত্মপ্রত্যয় নিয়ে পৃথিবীর আর কোনও নেতা ভবিষ্যদ্বাণী করতে পেরেছেন কি না আমি জানি না।

“ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলি যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগুতে হয়েছে তার কিছুটা এই কারাগারের রোজনামচা বই থেকে পাওয়া যাবে।”

বইটির নাম শেখ রেহানা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।

স্বপন কান্তি দাসের আঁকা বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি বইটির প্রচ্ছদ করা হয়েছে। এই প্রতিকৃতিটি শেখ হাসিনাকে একজন উপহার দিয়েছিলেন।

“১৯৬৯ সালে বঙ্গবন্ধু যখন কারগার থেকে মুক্তি পান তখন তিনি (বঙ্গবন্ধুকে) ঠিক এই প্রতিকৃতিটির মতোই। আমাকে যখন এ প্রতিকৃতিটি উপহার দেওয়া হয় তখনই এটা প্রচ্ছদ করার সিদ্ধান্ত নেই।”

‘কারাগারের রোজনামচা’র দাম ধরা হয়েছে ৪০০ টাকা।

এর আগে ২০১২ সালে বঙ্গবন্ধুর স্মৃতিকথা নির্ভর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয়।