দোল উৎসবে ‘নারীদের উত্ত্যক্তে’ গ্রেপ্তার ৩
পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় দোল উৎসবে ঢুকে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উৎসবের মধ্যে তারা গ্রেপ্তার হলেও বিষয়টি জানাজানি হয়েছে বুধবার বিকালে। মহানগর পুলিশের ওয়েবসাইট ডিএমপি নিউজেও বিকালে এ বিষয়ে খবর প্রকাশ হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো.সিফাত (২০), মো. মামুন (১৮) ও আকাশ (১৯)।
কোতোয়ালি থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেই দিন হোলি খেলার ছলে রিকশা আরোহী দুই নারীর মুখে রঙ মাখিয়ে দিচ্ছিল ওই তিন যুবক। ওই সময় এলাকাবাসী তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।”
নারীদের উত্ত্যক্ত করার জন্যই তারা ওই উৎসবে ঢুকেছিল দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “নারীদের উত্ত্যক্ত করতেই তারা হোলি উৎসবে ঢুকেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
এসআই জাহাঙ্গীর জানান, এ ঘটনায় ভুক্তভোগী এক নারীর এক ভাই সোমবার রাতে তাদের বিরুদ্ধে থানায় নারী নির্যাতন মামলা করেন।ওই মামলায় মঙ্গলবার তিনজনকে আদালতে তোলা হয়।
পুলিশের পক্ষ থেকে তিনজনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। সেদিন ওই আবেদনের শুনানি হয়নি, বৃহস্পতিবার হওয়ার কথা।
আদালতের আদেশে আসামিরা এখন কারাগারে আছেন বলে জানান জাহাঙ্গীর।
তাদের একজনের বাসা শনিরআখড়ায়, অন্য দুজনের বাস পুরান ঢাকার আলু বাজারে।
