ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কোটি টাকা আত্মসাতের অভিযোগের এক মামলায় ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদক এ অভিযোগপত্র অনুমোদন করে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র তারা হলেন- ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা সুকুমার রায় ও মেসার্স নাফিসা ট্রেডার্সের মালিক মো. নুর আলম হক প্রামানিক।
তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রণব বলেন, “আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণার মাধ্যমে তিনটি ডিডি ও একটি পে-অর্ডারের এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হিসাবে জমা না করে অন্য দু্টি হিসাবে স্থানান্তর করেন। এরপর চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এক কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৫৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।”
ওই অভিযোগে গত বছরের ২৪ জুলাই দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন পরিচালকসহ আরও দুইজনের বিরুদ্ধে বুধবার আরেকটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।
এরা হলেন- স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর স্বাস্থ্য শিক্ষা ও প্রমোশন অফিসের সাবেক লাইন পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও অ্যাডভান্স বিজনেস সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাঈদ জামাল হোসেন।
আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রণব কুমার বলেন, “২০০৯-১০ অর্থবছরে ‘মাতৃদুগ্ধ পান ও মায়ের দুধের বিকল্প খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করণ বিষয়ক’ প্রকল্পের মূল ক্যাম্পেইনিং, অ্যাডভোকেসি সভা না করে সভা করেছেন মর্মে ভুয়া কাগজপত্র ও বিল ভাউচার দাখিল করে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের ৩০ লাখ এক হাজার ৯০৩ টাকা আত্মসাৎ করেন।”
ওই অভিযোগে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ২ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান রাজধানীর বনানী থানায় মামলা করেন। এরপর সংস্থাটির উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মামলাটি তদন্ত করেন।
