২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জেএমবির ১১ জনের বিচার শুরু

মামলা দায়েরের এক বছর চার মাসের মাথায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জেএমবির ১১ কর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2017, 06:30 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২৪ এপ্রিল দিন ধার্য করেন।

অভিযুক্তরা হলেন- আরমান বিন আজাদ, বাবু মুন্সি, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল বাসেদ, মিজানুর রহমান, সুজাত, আজহার আলী ও ফরহাদ হোসেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম বশির উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটিতে পুলিশ দ্রুত তদন্ত শেষ করেছে। আমরাও দ্রুত বিচার শেষ করব।”

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ নভেম্বর গোপন বৈঠকের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়।

এ ঘটনায় ওইদিন উপ-পরিদর্শক শাজাহান মিয়া এ মামলা করেন।

২০১৬ সালের ৯ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক জহির হোসেন জেএমবির ১১ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।