মঞ্জু মোরশেদ দুলুর স্ত্রীদের আত্মসমর্পণের নির্দেশ
সম্পদের তথ্য গোপনের মামলায় বর্তমান ও সাবেক দুই মন্ত্রীর স্ত্রী এবং তাদের একজনের পুত্রবধূকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান ও তাদের ছেলে ফয়সাল মোরশেদ খানের স্ত্রী শ্যামা সেহজিন খানকে এই নির্দেশনা দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জু ও মোরশেদ খানের বিরুদ্ধ দুটি মামলা দায়ের করে দুদক। তাদের পরিবারের সদস্যদেরও সেখানে আসামি করা হয়।
মূল আসামিদের মধ্যে মঞ্জু হাই কোর্টের পর আপিল বিভাগ থেকেও অব্যাহতি পেয়েছেন। হাই কোর্ট থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা মোরশেদ খান আর তার ছেলেও। তবে মোরশেদ খানের বিষয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের আবেদন বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
হাই কোর্ট আলাদা রিট আবেদনে তাসমিমা হোসেন, নাসরিন খান ও শ্যামা সেহজিন খানের বিরুদ্ধে মামলার কার্যক্রমও বাতিল করে দিয়েছিল। কিন্তু আপিল বিভাগ তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়ে বলেছে, সেখানে তারা মূল আসামির খালাস পাওয়ার তথ্য জানিয়ে অব্যাহতির আবেদন করতে পারেন। নিম্ন আদালতও আইন অনুযায়ী তাদের বিষয়ে পদক্ষেপ নিতে পারে।
নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ এসেছে বর্তমান ও সাবেক তিন সংসদ সদস্যের স্ত্রী, ডিসিসির সাবেক এক কমিশনারের স্ত্রী এবং দেশের একজন শীর্ষ ব্যবসায়ীর ছেলের ক্ষেত্রেও।
এরা হলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের স্ত্রী শাহিদা কামাল, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর স্ত্রী নাসিমা আকতার কল্পনা, বিএনপি নেতা ও সাবেক কমিশনার এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ছেলে শামীম ইসলাম।
আপিল বিভাগ বলেছে, তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাদের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে নিম্ন আদালতে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আহসানুল করীম ও আমিনুল হক হেলাল।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ ও ২০০৮ সালে দেশের শীর্ষ বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।পরিবারের সদস্যদেরও এসব মামলায় আসামি করা হয়।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এসব মামলার মধ্যে কোনো কোনোটিতে মূল আসামি উচ্চ আদালত থেকে খালাস পেয়ে গেছেন। আবার কোনোটিতে হাই কোর্ট বিচার চালিয়ে যেতে বলেছে।
“এ অবস্থায় দুদক ও সংশ্লিষ্ট আসামিপক্ষে করা কতগুলো আবেদন নিষ্পত্তি করে আজ আদেশ দিয়েছে আপিল বিভাগ। যেসব মামলার প্রধান আসামিরা খালাস পেয়েছেন, তাদের স্ত্রীদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আপিল বিভাগ।
“তবে যাদের আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম নিম্ন আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।”
