২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়সা খরচ করে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই: রাষ্ট্রপতি

নির্বাচনের আগে-পরে জনপ্রতিনিধিদের আচরণ একই থাকা উচিত মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পয়সা খরচ করে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 07:43 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম হাইস্কুল খেলার মাঠে এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি বলেন, “রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনসেবা। তাই পয়সা খরচ করে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই এবং নির্বাচনের পরে সেই টাকা জনগণের কাছ থেকে ওঠানোরও দরকার নেই।এই যদি উদ্দেশ্য হয় তাহলে রাজনীতি করার দরকার নেই।

“নির্বাচনের আগে ও পরে আচরণ একই হওয়া উচিত।”

রাষ্ট্রপতি সোমবার থেকে তিনদিনের সফরে কিশোরগঞ্জে রয়েছেন। বুধবার তার ঢাকা ফেরার কথা রয়েছে।

সমাবেশে আবদুল হামিদ বলেন, “জনপ্রতিনিধিদেরকে দায়িত্ব পালনে জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে এবং জনস্বার্থ রক্ষায় সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।”

আবদুল হামিদ এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতের তাগিদ দিয়ে বলেন, “উন্নয়ন জনগণের টাকায় হয়। তাই জনগণের প্রতিটি টাকা যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। জনগণকেও এ ব্যাপারে সোচ্চার হতে হবে। নিজেও দুর্নীতি করব না অন্যকেও করতে দেব না।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য ছিল হাওর এলাকার ও জনগণের উন্নয়ন করা এবং সুখে-দুঃখে তাদের পাশে থাকা।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক। আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আফজাল হোসেন ও সোহরাব উদ্দিন।