রিমান্ডের পর কারাগারে ‘জেএমবি সদস্য’ রিজু
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নব্য জেএমবির সদস্য অভিযোগে গ্রেপ্তার রিজওয়ান কাদের রিজু ওরফে আব্দুল্লাহ আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশি হেফাজত শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী সোমবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
চারদিনের রিমান্ড শেষে রিজুকে আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী হাফেজ আহমেদ জামিন আবেদন করেন। ওই আবেদন শুনানির জন্য মঙ্গলবার শুনানির জন্য দিন রেখেছেন বিচারক।
গত ৭ মার্চ ‘গোপন বৈঠক করার সময়’ হাতিরঝিলের পাগলা মাজার মোড় এলাকা থেকে রিজুকে (৩৩) গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
এর চট্টগ্রামের কোতয়ালি এলাকার মাঝিরঘাট রোডের ফজল কাদিরের ছেলে রিজুর বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগ এনে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা করে আইনশৃঙ্খলা বাহিনী।
মামলার নথি থেকে জানা যায়, গ্রেপ্তারের সময় রিজুর কাছ থেকে নোটবুক, মোবাইল সেট উদ্ধার করা হয়। ফেইসবুকে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য এবং সরকারবিরোধী পোস্ট দেয়, যার স্ক্রিন শট রমনা থানার পুলিশ জব্দ করে।
রমনা থানার এসআই মাঈদুল ইসলামের দায়ের করা মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪/৫ জনকে আসামি করা হয়, যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের এসআই মো. মজিবুর রহমান গ্রেপ্তারের পরদিন গত ৮ মার্চ রিজুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান, আদালত চারদিনের অনুমতি দেয়।
রিমান্ডে ফেরত প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে রিজু নব্য জেএমবির সদস্য। তার কাছ থেকে মামলার বিষয়ে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে।
