অবসরে যাচ্ছেন বিচারপতি নিজামুল হক নাসিম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন বিচারপতি মো. নিজামুল হক নাসিম, যিনি যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে ছিলেন।
কথিত স্কাইপ কথোপকথন নিয়ে বিতর্কের মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগী এই বিচারক মঙ্গলবার আপিল বিভাগে শেষ অফিস করবেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ (প্রশাসন ও বিচার) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংবিধান অনুযায়ী সাতষট্টি বছর পূর্ণ হওয়ায় বিচারপতি মো. নিজামুল হক অবসরে যাচ্ছেন।”
গতবছর মার্চে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় আট সদস্যের আপিল বিভাগ। বিচারপতি মো. নিজামুল হকও ওই বেঞ্চে ছিলেন।
শেষ কর্মদিবসে এই বিচারকের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে আপিল বিভাগের ২ নম্বর বিচার কক্ষে সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
বিচারপতি নিজামুল হক আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি। তার অবসরের সময় হওয়ায় প্রধান বিচারপতি এস কে সিনহা ছাড়া সর্বোচ্চ আদালতে বিচারক থাকছেন আর ছয়জন।
এই ছয়জন হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়া নিজামুল হক নাসিম আইন পেশায় থাকাকালে পরিচিতি পান একজন মানবাধিকার কর্মী হিসেবে। ১৯৭৯ সালে হাই কোর্ট বিভাগে এবং পরে ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
নিজামুল হক হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। দুই বছর পর বিএনপি-জামায়াত জোট সরকার নিয়োগ স্থায়ী না করলে তিনি আদালতের দারস্থ হন।
আদালতের আদেশে ২০০৯ সালের ২৫ মার্চ হাই কোর্ট বিভাগে বিচারক হিসাবে শপথ নেন বিচারপতি মো. নিজামুল হক।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়া দ্রুত করতে পরে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হলে তিনি প্রথম ট্রাইব্যুনালের প্রধানের দায়িত্বে থাকেন।
বেলজিয়াম প্রবাসী এক আইন গবেষকের সঙ্গে কথিত স্কাইপ কথোপথন নিয়ে বিতর্কের মধ্যে ২০১২ সালের ১১ ডিসেম্বর তিনি ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন এবং হাই কোর্টে ফিরে আসেন। ট্রাইব্যুনালে কোনো রায় দেওয়ার সুযোগ তার হয়নি।
হাই কোর্টে বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড শাখার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন বিচারপতি নিজামুল হক নাসিম। ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন।
বিচারপতি নিজামুল হক নাসিমের জন্ম ১৯৫০ সালের ১৫ মার্চ, পটুয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন তিনি।
