২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. মামুনুর রশিদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 04:53 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফখরুদ্দিন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে তিনশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। মামুনের সমর্থনে দেওয়া স্বাক্ষরকৃত ভোটারদের কয়েকজনের নাম-ঠিকানায় অষ্পষ্টতা পাওয়ায় তা প্রার্থী বাছাইয়ের সময় বাতিল করা হয়। এটা খুব ছোট একটা বিষয়। তিনশ মানুষের মধ্যে দুই-একজনের এমন ভুলভ্রান্তি থাকতেই পারে।”

তিনি বলেন, “প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় অতিরিক্ত কমিশনারের কাছে গত ৭ মার্চ আপিল করেছিলেন মামুনুর। ৮ মার্চ তা খারিজ করে দেওয়া হয়। সেই খারিজ আদেশের বিরুদ্ধে রোববার হাই কোর্টে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।”

৩০ মার্চ ভোটের দিন রেখে গত ২০ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২ ও ৩ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ।

পাঁচজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে মামুনুর রশিদের প্রার্থিতা বাতিল করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু, জাসদের (একাংশ) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান।

১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

পুরনো খবর:

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে ৪ মনোনয়নপত্র বৈধ